২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ পরিষদকে আইনি কাঠামোয় আনতে সংসদে বিল

জাতীয় সমাজকল্যাণ পরিষদকে আইনি কাঠামোয় আনতে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 06:59 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

সোমবার সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯’ সংসদে উত্থাপন করেন।

বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

১৯৭২ সালে ‘রেজুল্যুশন’র মাধ্যমে জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়। পরে এই ‘রেজুল্যুশন’টি বিভিন্ন সময় সংশোধন করে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিলো।

প্রস্তাবিত আইনটি প্রণয়নের সাথে সাথে ‘রেজুল্যুশন’টি কার্যকর থাকবে না বলে বিলে বিধান রাখা হয়েছে।

সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সমাজকল্যাণ মন্ত্রীকে রাখার প্রস্তাব করা হয়েছে। আর পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

বিলে বলা হয়েছে পরিষদ নারী, শিশু,অনগ্রসর, ক্ষুদ্র জাতিসত্তা, মানসিক-শারীরিক প্রতিবন্ধী, নিম্ন আয়ের ব্যক্তি, চা বাগান শ্রমিকসহ বিভিন্ন পিছিয়ে পড়া গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “বিলটি সংসদে পাস হলে সমাজকল্যাণ ক্ষেত্রে নীতি নির্ধারণ, কার্যক্রম গ্রহণ, উৎসাহ প্রদান, সহযোগিতা, গবেষণা ও সমন্বয় সাধনের প্রয়োজনে সমাজকল্যামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য বিদ্যমান বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যক্রম গতিশীল ও সুসংহত হবে।