২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল হোসেনকে ‘মতলববাজ’ বললেন শেখ সেলিম

আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার পর বিএনপিকে সঙ্গে নিয়ে ভোটে আসা কামাল হোসেনকে ‘মতলববাজ’ বলেছেন শেখ ফজলুল করিম সেলিম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2019, 09:55 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

রোববার সংসদে এক অনির্ধারিত আলোচনায় সমকালীন রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাকে ‘সুযোগ সন্ধানী’ও বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, “উনি (ড. কামাল) যে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন না, তা কীভাবে বলা যায়?

“বঙ্গবন্ধু হত্যার পর তার খুনি কর্নেল হুদা ও কামাল হোসেন একটি অনুষ্ঠানে পানি জাতীয় কিছু খাচ্ছিলেন, এই ছবি আমার মোবাইলেও আছে।”

Image
কামাল হোসেন

কামাল হোসেন

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর সভাপতিমণ্ডলীতেও ছিলেন কামাল।

দুই যুগ আগে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠনের পর এবার সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েন কামাল।

শেখ সেলিম বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় কামাল হোসেন লন্ডনে ছিলেন। জার্মানি থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করে একটি সংবাদ সম্মেলন করতে বলেছিলেন। তিনি সেটা করেননি।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল, তা বের করতে একটি কমিশন গঠন করার দাবিও জানান তিনি।

কামালকে বিএনপির ‘ভাড়াটে নেতা’ আখ্যায়িত করে শেখ সেলিম বলেন, “এতিমের টাকা চুরি করায় খালেদা জিয়া কারাগারে। গ্রেনেড হামলা মামলা ও টাকা পাচার মামলায় দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে পলাতক। বিএনপি এখন নেতৃত্বশূন্য। তারা একজন পরিত্যক্ত নেতা পেয়েছে। তিনি ড. কামাল হোসেন।”

শফীর বিরুদ্ধে কথা বলা ধৃষ্টতা: ফিরোজ রশীদ

সংসদে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে ‘কটাক্ষ’ করে কথা বলাকে ‘ধৃষ্টতা’ বলেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।

রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “হেফাজতের আমির, তিনি একজন বর্ষীয়ান নেতা। সারা জীবন মাদ্রাসায় শিক্ষাকতা করেছেন। তাদের অনেক ছাত্র-ভক্ত রয়েছে। তাকে নিয়ে এই সংসদে কটাক্ষ কথা বলা হয়েছে। তেঁতুল হুজুর বলে তাকে কটাক্ষ করা হয়েছে। তাকে বিদ্রুপ করা হয়েছে। এ ধরনের ধৃষ্টতা সংসদে উচিত নয়।”

Image
শাহ আহমদ শফী

শাহ আহমদ শফী

হেফাজত আমিরের নিয়ে সমালোচনায় এক সময় উচ্চ কণ্ঠ ছিলেন আওয়ামী লীগের নেতারাও।

গত ৩ মার্চ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সংসদে বলেন, “পাঠ্যক্রমগুলোকে ধর্মীয়করণের প্রচেষ্টা, তেঁতুল হুজুরের আবদারে সংস্কার করা হয়েছে।”

আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিতে আসা ফিরোজ রশীদ আওয়ামী লীগের জোটসঙ্গী দলের সভাপতি মেননকে ইঙ্গিত করে বলেন, “কিছু বামপন্থি নেতা রয়েছেন, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলাটাতে ফ্যাশন মনে করেন।

“ইসলামের মধ্যে কথা বললেই বোধ হয় আল্টা মডার্ন হয়ে গেলাম! মানুষ মনে করবে আমি সব থেকেই বড় বিপ্লবী বামপন্থি কমরেড হয়ে গেলাম।”

আহমদ শফীর বিরুদ্ধে সংসদে বলা কথাগুলো ‘একপাঞ্জ’ করার দাবিও করেন ফিরোজ।