প্রাণীর প্রতি নিষ্ঠুরতার সাজা বাড়াতে সংসদে বিল
মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে ছয় মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন একটি আইন করার প্রস্তাব সংসদে তোলা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু রোববার ‘প্রাণিকল্যাণ বিল ২০১৯’ সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি ৪৫দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, চলাফেরার সুযোগ না দিয়ে কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে বা আটকে রাখলে তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ছয় মাসের জেলের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা যাবে।
১৯২০ সালের ‘পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইন’ বাতিল করে নতুন আইন করার প্রস্তাব করা হয়েছে সংসদে।
‘যুক্তিযুক্ত প্রয়োজনে’ ভেটেরিনারিয়ান সার্জনের লিখিত পরামর্শ ও পদ্ধতি অনুসরণ করে কোনো প্রাণীকে সংজ্ঞাহীন করা হলে বা তার ব্যথাহীন মৃত্যু ঘটানো হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।
এ আইন লংঘন করলে বা তাতে সহায়তা করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে।
আগের আইনে বিভিন্ন অপরাধের জন্য তিন মাসের জেল এবং এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করার সুযোগ ছিল।
প্রস্তাবিত আইনটি পাস হলে এই আইনের অধীন অপরাধের বিচারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে। তবে তার আগে মোবাইল কোর্ট আইনের তফসিলে তা অন্তর্ভুক্ত করতে হবে।
বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রাণিকে দৈহিক কলাকৌশল প্রদর্শনের জন্য প্রশিক্ষণ বা দৈহিক কসরৎ দেখানোর জন্য ব্যবহার করা যাবে না।
তবে প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও কোস্টগার্ডের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।
নিবন্ধন ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে পোষা প্রাণি উৎপাদন এবং সে উদ্দেশ্যে কোনো খামার স্থাপন বা পরিচালনা করা যাবে না।
খাদ্য হিসেবে ব্যবহারের জন্য প্রাণী জবাই বা ধর্মীয় উদ্দেশ্যে প্রাণী উৎসর্গ করা হলে তা এ আইনে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী সংসদে বলেন, পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য যেসব অপরাধের বর্ণনা ও দণ্ড বিদ্যমান আইনে আছে তা বর্তমানে অনেকাংশে অপ্রতুল ও প্রয়োগযোগ্য নয়।
“সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বিবেকসম্পন্ন মানুষ ভাষাহীন প্রাণির কল্যাণে এগিয়ে এসেছে।
“সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ ও অপরাধের ধরন পরিবর্তন হয়েছে। সেই সাথে প্রাণির প্রতি কল্যাণকর ও মানবিক আচরণের দাবিও উত্থাপতি হচ্ছে।”
