২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন অধ্যাদেশকে আইনে পরিণত করতে বিল পাস

গত সরকারের শেষ সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ আইনে পরিণত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে জাতীয় সংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 09:21 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

এর মধ্যে ‘দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড এক্যুজিশন) রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল পাসের মধ্যে দিয়ে পার্বত্য অঞ্চলে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ সমতলের সমান হচ্ছে।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পথ তৈরির জন্য গত ডিসেম্বরে গণ প্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে জারি করা অধ্যাদেশটি আইনে পরিণত হচ্ছে।

আর দেশে এভিয়েশন সংশ্লিষ্ট উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল পাস করেছে সংসদ।

পার্বত্য অঞ্চলে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার ‘দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড এক্যুজিশন) রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৯ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

গত ১৮ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলার পর যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

পাস হওয়া বিলে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় সরকারি কাজে ভূমি অধিগ্রহণ করলে ক্ষতিগ্রস্তরা বাজার মূল্যের অতিরিক্ত আরও ২০০ শতাংশ ক্ষতিপূরণ পাবেন। বেসরকারি কাজে অধিগ্রহণ করলে ক্ষতিপূরণের পরিমাণ হবে বাজারমূল্যের সঙ্গে আরও ৩০০ শতাংশ।

বর্তমানে এই  ক্ষতিপূরণের পরিমাণ ১০০ টাকায় ১১৫ টাকা। অর্থ্যাৎ বাজার মূল্যের পাশাপাশি মাত্র ১৫ শতাংশ বেশি দেওয়া হয়।

দেশের বাকি ৬১ জেলার সঙ্গে মিল রেখে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় বিলে।

ক্ষতিপূরণ বাড়ানোর এই সিদ্ধান্ত গতবছর ১৮ ডিসেম্বর অধ্যাদেশ আকারে জারি করা হয়। পরে গত ১৯ জানুয়ারি আইন সভার অনুমোদনের জন্য তা নতুন করে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।

বিলটির কারণ ও উদ্দেশ্য সম্বলিত বিবৃতিতে ভূমি মন্ত্রী বলেন, “দেশের অন্যান্য অঞ্চলের সাথে পার্বত্য জেলার অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ক্ষেত্রে মূল্য হারের সমতা আনার জন্য চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড এক্যুজিশন) রেগুলেশন ১৯৫৮ সংশোধন করে সরকারি সংস্থা/দপ্তরের ভূমির মূল্যের ক্ষেত্রে অতিরিক্ত ২০০ শতাংশ এবং বেসরকারি সংস্থা/ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত ৩০০ শতাংশ নির্ধারণ করে ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে অধ্যাদেশ জারি হয়। উক্ত অধ্যাদেশটি আইনে পরিণত করা অপরিহার্য।”

আরপিও

আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিল সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী। পরে সেটি একদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

গত ৩০ ডিসেম্বর ভোটের আগে প্রতিনিধিত্ব আদেশে কিছু সংশোধনী এনে অধ্যাদেশ জারি করা হয়। সে অনুযায়ীই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই অধ্যাদেশটি আইনে পরিণত করতে এবার সংসদে বিল আনা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনেও (ইভিএম) ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনের কথা বলা হয়েছে বিলে।

সংশোধিত আরপিও অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতদিন মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে প্রার্থীদের খেলাপি ঋণ পরিশোধ করতে হত।

এছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে। সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে সংসদ অধিবেশন না থাকায় গত বছরের ৩১ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে এসব সংশোধনী আনা হয়। তার মধ্য দিয়েই সংসদের ভোটে ইভিএম ব্যবহারের সুযোগ তৈরি হয়েছিল। সারাদেশে ৩০০ আসনের মধ্যে ৬টি আসনে ইভিএম-এ ভোট নেওয়া হয়

এভিয়েশন বিশ্ববিদ্যালয় বিল

শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল-২০১৯’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

গত ২৭ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলা হয়। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গত ২৬ ডিসেম্বর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী চলতি অধিবেশনের শুরুর দিন অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়।

অধ্যাদেশটি জারি করার পর সরকার যদি সেটা নতুন আইন করতে চায় তবে সংসদে উপস্থাপনের পর ৩০ দিনের মধ্যে সংসদে বিল আকারে নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে।

বিলে বলা হয়েছে, বিমান বাহিনী একাডেমি, ফ্লাইং ইন্সট্রাকটর স্কুল, ফ্লাইট সেফটি ইনস্টিটিউট, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট, অফিসার্স ট্রেনিং স্কুল নতুন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।

বিশ্ববিদ্যালয় এভিয়েশন, এভিয়েশন সংক্রান্ত প্রকৌশল, এভিয়েশন ব্যবস্থপনা ও যুদ্ধ কৌশল, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা করবে।

বিলে বলা হয়েছে, চ্যান্সেলর বিমান বাহিনীর কর্মরত এয়ার ভাইস মার্শাল বা তার ওপরের পদবীর কোনে কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল বা তার এর চেয়ে ওপরের পদবীর কাউকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেবেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “এভিয়েশন সংশ্লিষ্ট উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে অগ্রসর বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এভিয়েশন বিষয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা, পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার এই উদ্যোগ।”