২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু: আসিফ-বেনজীরসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে আলোচিত দুই সাধারণ সম্পাদক-জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান ও উম্মে হাবিবা বেনজীরসহ সাতজন বাদ পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 12:39 AM

Updated : 08 Apr 2022, 03:53 PM

বাদ পড়া অন্যরা হলেন- সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আব্দুল্লাহ জিয়াদ, সদস্য পদপ্রার্থী ইশাত কাশফিয়া ইলা, হায়দার মোহাম্মদ জিতু, শাফায়াত হাসনাইন সাবিত ও রাইয়ান খান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের পর বুধবার তা যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ।

সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।

প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা বৃহস্পতিবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তা বরাবর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবেন। ৩ মার্চ এই নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ স্বতন্ত্র হিসেবে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ‘অসম্পূর্ণ’ লিখেছে কর্তৃপক্ষ।

ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বেনজীর জিএস পদে মনোনয়নপত্র জমা দেন প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল থেকে। তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ভোটার তালিকায় নাম না থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি ইশাত কাশফিয়া ইলাকে ছাত্রলীগ প্রথমে তাদের প্যানেল থেকে মনোনয়ন দিলেও ভোটার তালিকায় নাম না থাকায় প্যানেলে পরিবর্তন আনে। ভোটার তালিকায় নাম না থাকায় সংক্ষুব্ধ হয়ে হাই কোর্টে রিট আবেদন করবেন বলে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ইলা।

হায়দার মোহাম্মদ জিতুও ছাত্রলীগের প্যানেল থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন। তবে ভোটার তালিকায় নাম না থাকায় চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি।