নাজমুল হুদাকে দুদকের জিজ্ঞাসাবাদ
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতি অভিযোগে ১০ বছর আগের এক মামলায় বিএনপি আমলের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০টায় দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে হুদাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাজমুল হুদাকে তলবের নোটিস দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তিনি তদন্ত কর্মকর্তার দপ্তরে উপস্থিত হন।
বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ছয় লাখ টাকা ঘুষ নেওয়ার এক মামলায় ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
আদালতে নির্দেশে মামলাটির তদন্ত কাজ দীর্ঘদিন স্থগিত ছিল জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রনব বলেন, সম্প্রতি আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করায় দুদক আবার তদন্ত শুরু করেছে।
২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় দুদকের দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়েছে, যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় নাজমুল হুদা বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মার্গানেট ওয়ান লিমিডেটের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। ওই টাকা তার স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন ‘খবরের অন্তরালে’ পত্রিকার হিসাব নম্বরে জমা দিতে বলেন।
প্রতিষ্ঠানটি ব্যবসায়িক ক্ষতির কথা চিন্তা করে প্রতি মাসে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করলে নাজমুল হুদা তাতে রাজি হন। এরপর ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ১৯টি চেকের মাধ্যমে তাকে ছয় লাখ টাকা দেয় অভিযোগ করা হয়েছে মামলায়।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নামুল হুদা তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেছেন। তিনি দলটির চেয়ারম্যান।
