ডাকসুতে বামদের প্যানেলে ভিপি লিটন, জিএস বেনজীর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের প্যানেলে সহ-সভাপতি প্রার্থী হচ্ছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।
তার সঙ্গে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী করা হচ্ছে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীরকে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করেন ঐক্যের সমন্বয়ক ইমরান হাবিব রুম্মন।
বাম দুই জোটের প্যানেল থেকে ছাত্র ফ্রন্টের (একাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিককে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
জোটের অন্য প্রার্থীরা হচ্ছেন- স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে রাগীব কান্তি রায় (সাধারণ সম্পাদক, ছাত্রফ্রন্ট, ঢাবি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উলুল ওমর তালুকদার (আহ্বায়ক, বিপ্লবী ছাত্র মৈত্রী), কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুহাইল আহমেদ শুভ (সদস্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট), আন্তর্জাতিক সম্পাদক মীম আরাফাত মানব(কর্মী, ছাত্র ইউনিয়ন, ঢাবি), সাহিত্য সম্পাদক রাজীব দাশ (সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন, ঢাবি), সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হাসান আদনান (কর্মী, ছাত্র ফ্রন্ট), ক্রীড়া সম্পাদক শুভ্র নীল রায় (পাঠাগার সম্পাদক, ছাত্র ফ্রন্ট), ছাত্র পরিবহন সম্পাদক হাসিব মোহাম্মদ আশিক(সাংগঠনিক সম্পাদক, ছাত্র ইউনিয়ন, ঢাবি), সমাজসেবা সম্পাদক ফয়সাল মাহমুদ(কর্মী, ছাত্র ফেডারেশন, ঢাবি)।
সদস্য পদে প্রার্থী হচ্ছেন মইনুল ইসলাম তুহিন, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন, আফনান আক্তার, মিত্রময়, সালমান ফারসি, রাহাতিল রাহাত, আরমানুল হক, জেসান অর্ক মারান্ডী, মনীষা আক্তার, মাহির ফারহান খান, উদয় নাফিস ও প্রত্নপ্রতীম মেহেদী।
ভিপি পদে মনোনয়ন পাওয়া লিটন নন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে মাস্টার্স পাস করেছেন। এখন তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীন মাস্টার্স অব গভর্নেন্স স্টাডিজের শিক্ষার্থী।
২০১৫ সালে পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আহত হওয়ার পর ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ছাত্র ইউনিয়নের এই নেতা।
অন্যদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনে স্লোগান দিয়ে আলোচনায় এসেছিলেন জিএস প্রার্থী হতে চলা বেনজীর।
পরিসংখ্যান বিভাগ থেকে মাস্টার্স পাস করে এখন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্সে পড়ছেন ছাত্র ফেডারেশনের এই নেত্রী।
লিটন নন্দী জানান, সোমবার দুপুর ২টার পর হলে হলে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারা।
