দেশসেবার জন্য তৈরি হও, শিক্ষার্থীদের বাণিজ্যমন্ত্রী
দেশের প্রয়োজনে নিজেদেরে যোগ্য করে গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের ৫২তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে শিক্ষার্থীদের তিনি বলেন, “শিক্ষিত জাতি ছাড়া আমরা এগোতে পারবে না।
“তাই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে, দেশকে ভালোবাসবে, বাবা-মার মুখ উজ্জল করবে, মাদক থেকে দূরে থাকবে, বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে দেবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং জঙ্গিবাদ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
“জঙ্গিবাদ ভালো জিনিস নয়। ধর্ম ইসলাম শান্তির ধর্ম হলেও অনেক সময় ইসলামের নামে তরুণদেরকে বিপথে পরিচালিত করা হয়। অনেক রক্ত অনেক দামে কেনা এই দেশ। তোমরা দেশটাকে ভালোবাসবে। দেশ যেন কখনও মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আলবদরদের হাতে না যায়। সেই দায়িত্বটা নতুন প্রজন্মের।”
অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করা সাতজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি একেএম জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্কুলের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
