রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশে স্তম্ভ হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ‘ঘৃণা স্তম্ভ’ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-৪ আসনের সেলিম আলতাফ জজের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, “স্বাধীনতাবিরোধী রাজাকার এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ঘৃণা প্রকাশের জন্য কেন্দ্রীয়ভাবে ঢাকায় একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের লক্ষ্যে জায়গা নির্বাচনের কাজ চলমান রয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত হলে তা সব জায়গায় টাঙিয়ে দেওয়া হবে।
সব মুক্তিযোদ্ধার বাড়ি রং দিয়ে চিহ্নিত করা যায় কি না তা ভেবে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
আগামী অর্থবছরে মুক্তিযোদ্ধাদের ভাতা ‘আরেকটু সম্মানজনক’ হারে বৃদ্ধি করার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলেও জানান মন্ত্রী।
প্রশ্নোত্তরে তিনি বলেন, “কিছু সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার কারণে মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। মুক্তিযোদ্ধারা গলায় একটি করে পরিচয়পত্র ঝুলিয়ে ঘুরবেন, তা পারছেন না। তবে আমরা দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য স্বাধীনতা দিবসের আগে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।”
মুক্তিযোদ্ধাদের তালিকায় শান্তি কমিটির সদস্য ও তাদের সন্তানদের নাম থাকার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম থাকা জাতির জন্য কেবল অগৌরবের নয়, ইতিহাসেরও বিকৃতি। এটা হতে পারে না। এই ধরনের কিছু থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কেউ থেকে থাকলে তাদের বাদ দেওয়া হবে।”
তিনি বলেন, “আগে দুই লাখের ওপর মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। আমরা প্রায় ২০ হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিয়েছি। বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮২ হাজারের কিছু বেশি। নির্ভুল চূড়ান্ত মুক্তিযোদ্ধার তালিকা তৈরির কাজ এখনো চলমান রয়েছে।
“ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও মুজিবনগর সরকারের তালিকাসহ যে সমস্ত তালিকার বিষয়ে কোনো আপত্তি নেই তাদের তালিকা আগামী মার্চ মাসের মধ্যে প্রকাশের আশা করছি। আর যেগুলোর বিষয়ে আপত্তি রয়েছে তা যাচাই-বাছাই চলমান থাকবে। যাচাই-বাছাইয়ে যারা টিকবে তাদের তালিকা আমরা পরবর্তীতে প্রকাশ করব।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে পাঠানোর জন্য বলা হলেও সব জেলা থেকে একই রকমভাবে তালিকা আসেনি। যার কারণে এটি চূড়ান্ত করা যায়নি। নতুন মন্ত্রী সভা গঠিত হওয়ায় জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) নতুন করে গঠনের প্রক্রিয়া চলছে। এটা গঠিত হলে অল্প দিনের মধ্যে আমরা এটি নিষ্পত্তি করার চেষ্টা করব।”
মন্ত্রী জানান, বর্তমানে (জানুয়ারি ২০১৯) দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ২৯৩ জন।
প্রশ্নোত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিমানের ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে। ওই অর্থবছরে বিমানের আয় হয়েছে ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা।
প্রতিমন্ত্রী পর্যটন করপোরেশনের গত ২০১৭-১৮ অর্থবছরে লাভ-লোকসানের তথ্যও তুলে ধরেন। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন ২২টি মোটেলের মধ্যে গত অর্থবছরে (২০১৭-১৮) ১১টিতে লোকসান হয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ছিল ২ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকা। অপরদিকে ১১টি মোটেলের লাভ হয়েছে ৫ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকা। ফলে সার্বিক হিসেবে মোটেলগুলোর লাভ হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২ হাজার টাকা।
