২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফরাসি প্রধানমন্ত্রীর অভিনন্দন

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে ফরাসি জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2019, 11:06 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবনের অফিসে সৌজন্য সাক্ষাতে গিয়ে এই অভিনন্দন বার্তা পৌঁছে দেন ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত ম্যারি-আনেক বুদিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কথা অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী।  

একইসঙ্গে নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন এদুয়ার।

সৌজন্য সাক্ষাতে ফরাসি দূত দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয় বিশেষ করে অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানান প্রেস সচিব।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ফ্রান্স কাজ করবে বলেও জানান ম্যারি।

আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির প্রশংসা করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

একইসঙ্গে তিনি বাংলাদেশের ক্রিকেটের উজ্জল ভবিষ্যতের বিষয়েও নিজের আশার কথা শুনিয়েছেন।

বাংলাদেশ সফররত শশাঙ্ক মনোহর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবনের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ক্রিকেট ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো জায়গায় যাবে বলে আশা প্রকাশ করেছেন আেইসিসি চেয়ারম্যান। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা এখন খুব ভালো খেলছে, তবে তাদের এর ধারাবাহিকতা রাখতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন শশাঙ্ক।

প্রধানমন্ত্রী তার নেতৃত্বাধীন সরকারের সময় ক্রিকেটের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, তিনি নিজে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন এবং সবসময় ক্রিকেটার অনুপ্রাণিত করেন ও তাদের সঙ্গে কথা বলেন।   

সৌজন্য সাক্ষাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।