২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে

গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার তার আগের বছরের একই সময়ের থেকে ১০ দশমিক ৪৭ শতাংশ পয়েন্ট কমেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 03:44 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ২০১৭ ও ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হারের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নয়টি মন্ত্রিসভা বৈঠকে ৮৩টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৫৬টির, ২৭টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ।

২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আটটি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৮টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৫৩টি। আর ১৫টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৭৭ দশমিক ৯৪ শতাংশ।

শফিউল জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা বৈঠকে পাঁচটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং সাতটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে ১৯টি আইন।

আর ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা বৈঠকে আটটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে তিনটি আইন পাস হয়।