২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেইট থেকে আটক ৪ যুবক আদালত হয়ে কারাগারে

নির্বাচনের আগের দিন ঢাকায় যে চার যুবককে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছিলেন তাদের স্বজনরা, তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার পর পাঠানো হয়েছে কারাগারে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 10:12 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

তারা হলেন এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মো. বোরহান উদ্দিন, মানারাত ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী মো. রেজাউল খালেক এবং ঢাকা ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. সৈয়দ মোমিনুল হাসান।

একাদশ সংসদ নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর তাদের গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে তাদের স্বজনদের অভিযোগ।

সেদিনের পর তাদের খুঁজে না পেয়ে এবং পুলিশেরও কোনো স্বীকারোক্তি না পেয়ে ১ জানুয়ারি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন তাদের স্বজনা।

তারা বলেছিলেন, শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে কেনাকাটা সেরে ওই চারজন বাসে চড়ে বাসার পথে রওনা হলে ফার্মগেইটে বাস থামিয়ে তাদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে ধরে নেওয়া হয়।

আগে স্বীকার না করলেও সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই চার যুবককে কাফরুল থানায় হস্তান্তর করে।

বুধবার ওই চারজনকে আদালতে নিয়ে যান কাফরুল থানার এসআই জিল্লুর রহমান। গত ১৭ ডিসেম্বর তাঁতী লীগ নেতা মো. জাহাঙ্গীরের করা নাশকতার অভিযোগের এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিল্লুর আসাসিদের কারাগারে রাখার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ তাতে সায় দেন। আসামিদের পক্ষে জামিনের আবেদন হলে তা নামঞ্জুর করেন হাকিম।

এসআই জিল্লুরের আবেদনে বলা হয়, আসামিরা বিএনপি-জামায়াতের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা বোমা তৈরি করে নাশকতায় সহযোগিতা করে আসছিল।

“আসামিরা গত ১৭ ডিসেম্বর কাফরুল থানাধীন মিরপুরের ১৩ নম্বর সেকশনস্থ ১/৩ পূর্ব বাইশটেকী, হাজী জব্বার সাহেবের বাসার সামনে এজহারনামীয় আসামিদের সঙ্গে তাঁতী লীগের নির্বাচনী অফিস ভাংচুর করে। মামলার বাদীসহ ইউসুফ হাওলাদার, রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়।”

পরে আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলে আদালতকে জানিয়ে রেখেছেন তদন্ত কর্মকর্তা জিল্লুর।

তিনি বলেন, গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তথ্যের সঠিকতা পাওয়া না গেলে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পরে। তাই তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। 
অন্যদিকে তাদের জামিন আবেদনের শুনানিতে আইনজীবী এসএম কবীরুজ্জামান, কেএম শরীফুল ইসলাম বলেন, এই চারজন এই মামলার ঘটনায় জড়িত নন।