৪৮ ঘণ্টার মধ্যে সরবে পোস্টার: মেয়র খোকন
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সংসদ নির্বাচন উপলক্ষে লাগানো প্রার্থীদের পোস্টার অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এসব পোস্টার অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
“আমরা সব রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নির্দেশ দিয়েছি। আশা করছি এ সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারব।”
এ কাজে রাজনৈতিক দলের প্রার্থীদের সহযোগিতা চান মেয়র সাঈদ খোকন।
পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বুধবার নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। ছবি: আসিফ মাহমুদ অভি
রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা এলাকায় বুধবার নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পরদিন ঢাকার কোথাও কোথাও প্রার্থীদের নিজেদের উদ্যোগে পোস্টার সরাতে দেখা গেছে।
তবে আনুষ্ঠানিকভাবে এই কাজে সিটি করপোরেশন হাত লাগালো ভোটের তিনদিন পর।
