Published : 31 Dec 2018, 08:51 PM
ভোটের পরদিন সোমবার জাতীয় প্রেস ক্লাবে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল্যায়ন তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কানাডার পর্যবেক্ষক তানিয়া ফস্টার এবং চ্যালি ফস্টার, নেপালের সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম ও সাংসদ নাজির মিয়া, নেপালের আইনজীবী মোহাম্মদিন আলী, কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কমল ভট্টাচার্য, কলকাতার আইনজীবী গৌতম ঘোষ, শ্রীলংকার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি লেখক-গবেষক মোহাম্মদ এহসান ইকবাল।
আওয়ামী লীগকে সরকারে রেখে অনুষ্ঠিত এই নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে বলে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের দাবি। ফল বাতিল করে পুনঃভোটও চেয়েছে তারা।
সংবাদ সম্মেলনে এসে এই পর্যবেক্ষকরা বলেন, আগের যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচন ছিল ‘শান্তিপূর্ণ’।
তিনটি দলে ভাগ হয়ে রাজধানীর ২৪টি কেন্দ্র পরিদর্শন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিদেশি পর্যবেক্ষকরা করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এছাড়া ইলেকশন মনিটরিং ফোরাম থেকে দেশের ২১৪টি আসনের ১৭ হাজার ১৬৫টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন ৫ হাজার ৭৬৫ জন পর্যবেক্ষক।
মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক আবিদ আলী বলেন, “তাদের দেওয়া তথ্য থেকে আমরা বলতে পারি, এই নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং গত যে কোনো নির্বাচনের তুলনায় এই নির্বাচন বেশ ভালো হয়েছে।”
১৬ কোটি জনসংখ্যার আকার বিবেচনায় ঢাকার বাইরে কয়েকটি এলাকার হওয়া সহিংতাকে ‘অস্বাভাবিক’ ঘটনা হিসেবে মনে করছেন না বলে জানান আবিদ আলী।
আগের নির্বাচনে হওয়া সহিংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে কি না তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
ঢাকার কিছু কেন্দ্র ঘুরে বিএনপি সমর্থিত পোলিং এজেন্ট দেখতে পাননি বলে জানান এই পর্যবেক্ষক দল।
বিষয়টি নিয়ে একজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রশ্ন করলে তারা উত্তর পান, বিএনপির পোলিং এজেন্ট কেন্দ্রেই আসেননি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমল ভট্টাচার্য। সাংবাদিক হিসেবে এর আগে দুবার বাংলাদেশ ঘুরে গেছেন বলে জানান তিনি।
কমল ভট্টাচার্য বলেন, “এবার আমি একজন পর্যবেক্ষক হিসেবে এসেছি এবং ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা মানুষের কাছে গিয়ে প্রশ্ন করেছি।
“ভোটকেন্দ্রে আসার আগে কোনো হয়রানি বা ভয় বা হুমকির মুখোমুখি হতে হয়েছে এমন কথা তাদের কেউ বলেনি।”
কানাডা থেকে আসা পর্যবেক্ষক তানিয়া ফস্টার বলেন, ভোটারদের এবং নির্বাচন কর্মকর্তাদের প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন তিনি।
“ভোটাররা তাদের আত্মবিশ্বাস প্রকাশ করেছিল।”
খুবই শান্তিপূর্ণ ও সংগঠিত নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।