২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি পর্যায়েও ফুটবলের পৃষ্ঠপোষকতার আহ্বান রাষ্ট্রপতির

ক্রীড়াঙ্গনে আরও সাফল্য আনতে সরকারের পাশাপশি বেসরকারি পর্যায়েও ফুটবল টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 07:46 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

তিনি বলেছেন, “বর্তমান সরকার দেশে খেলাধুলার উন্নয়ন ও সম্প্রসারণে অবকাঠামো সুবিধাসহ আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। আমি আশা করব সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ও কর্পোরেট হাউজ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসবেন। তাহলেই জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আমাদের আরও সাফল্য আসবে।“

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)’ এর ট্রফি বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি হামিদ এ কথা বলেন।

স্বাধীন বাংলাদেশে আয়োজিত প্রথম ফুটবল ম্যাচের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, “১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) একটি প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল প্রতিযোগিতা মাঠে গড়ায়, যার উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই।

“তিনি খেলাধুলার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পিতার মত শেখ কামাল ও শেখ জামালের ক্রীড়া প্রীতির কথাও সবার জানা। এমনকি শেখ কামালের সহধর্মিনী সুলতানা কামাল ছিলেন একজন খ্যাতিমান অ্যাথলেট। তাদের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছে দেশের ক্রীড়াঙ্গন।“

রাষ্ট্রপতি বলেন, “আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদ্যস্যদের সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নিবিড় সম্পর্ক ছিল। ফুটবল ছিল জাতির পিতার সবচেয়ে প্রিয় খেলা। এছাড়া তিনি হকি ও ভলিবল খেলায় পারদর্শী ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়েও ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন জাতির পিতা।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিব খেলাধুলার প্রতি গভীর আগ্রহ থেকেই নিজে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমের তদারক করতেন বলে মন্তব্য করেন বর্তমান রাষ্ট্রপ্রধান হামিদ।

তিনি বলেন, “ইতোমধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক দেশব্যাপী প্রথমবারের মতো ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)‘ এর আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।“

দেশে ফুটবলের জনপ্রিয়তার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “জনপ্রিয়তার দিক থেকে দেশের ক্রীড়াঙ্গনের বড় অংশ জুড়ে রয়েছে ফুটবল। ফুটবলের উন্মাদনায় শামিল হয় তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও। লেখাপড়ার পাশাপাশি কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা অর্জন, মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।“

ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি এ টুর্নামেন্ট নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

আবদুল হামিদ বলেন, “আমি আশা করি, তৃণমূল থেকে উঠে আসা এসব প্রতিভাবান খেলোয়াড় আগামী দিনে বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে এবং সেই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে।“

রাষ্ট্রপতি এদিন স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা দেখেন। তার স্ত্রী রাশিদা খানমও এসময় উপস্থিত ছিলেন। 

ফাইনালে রাজশাহীকে ২-১ গোলে হারায় রংপুর বিভাগ। পরে চ্যাম্পিয়ান রংপুর বিভাগ ও রানার আপ রাজশাহী বিভাগের খেলোয়ারদের হাতে ট্রফি দেন রাষ্ট্রপতি।

অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, সচিব মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।