‘দেবী’ নিয়ে তামাকবিরোধী সংগঠনের ক্ষোভ
তামাক নিয়ন্ত্রণ আইন অগ্রাহ্য করে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সরকারি অনুদানে নির্মিত চলচিত্র ‘দেবী’ প্রদর্শিত হওয়ায় ক্ষোভ জানিয়েছে তামাকবিরোধী সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে, “এই চলচ্চিত্রে তামাক কোম্পানি ঢাকা টোব্যাকোর ‘উইনস্টোন’ ব্র্যান্ড সিগারেটের সরাসরি বিজ্ঞাপন করা হয়েছে।
“চলচ্চিত্রের প্রধান চরিত্র মিসির আলীকে ‘উইনস্টোন’ ব্র্যান্ডের সিগারেট ১২ বার ধূমপান করতে দেখা যায়।সিগারেট ছাড়াও চুরুট এবং পাইপের মাধ্যমে তাকে ধূমপান করতে দেখা যায়।আবার প্যাকেট খুলে নির্দিস্ট ব্র্যান্ডের সিগারেট বের করা আবার জামার পকেটে রেখে দেওয়ার দৃশ্য মূলত একটি বিজ্ঞাপন, যা তামাক নিয়ন্ত্রণ আইনের পরিপন্থি।”
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর ৫ (ঙ) ধারায় সিনেমা, নাটক এবং প্রামাণ্যচিত্রে ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কেউ তা লংঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডণীয় হবেন এবং একই ব্যাক্তি পুনরায় এই ধরনের অপরাধ করলে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডণীয় হবেন।
সুপ্র’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অক্টোবর চলচ্চিত্রটির প্রদর্শন শুরু হওয়ার পর থেকেই তামাকবিরোধী বিভিন্ন সংগঠন এই দৃশ্য প্রত্যাহারসহ আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে আসছিল।
“কিন্তু সংশ্লিষ্ট কেউ এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে নেতিবাচক ভূমিকা রাখবে এটা।”
