২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউর নেতৃত্বে ইলিয়াস-কবির

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 08:53 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদক কবির আহমেদ খান।

শুক্রবার সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে ঢাকায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকার রিপোর্টারদের এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর‌্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের সদস্য একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল ফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ইলিয়াস হোসেন পেয়েছেন ৬৪১ ভোট। অপর প্রার্থী একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক মনির হোসেন লিটনের ভোট ৪৭৬।

৪৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন কবির আহমেদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট।

নির্বাচনে খোন্দকার কাওছার হোসেন সহ-সভাপতি এবং জিয়াউল হক সবুজ অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আফজাল বারী। নারী বিষয়ক সম্পাদক হয়েছেন সাজিদা ইসলাম পারুল।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম এবং সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদুল হক খান বিজয়ী হয়েছেন।

Image
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন শুক্রবার ভোটগ্রহণ হয়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন শুক্রবার ভোটগ্রহণ হয়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিতরা হলেন- মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ মাকসুদুল হাসান, মোহাম্মদ নঈমুদ্দীন, রাশেদুল হক এবং শাহাবুদ্দিন মাহতাব।

যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপুর পাশাপাশি দফতর সম্পাদক জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, কল্যাণ সম্পাদক কাওসার আজম এবং আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে এক হাজার ৪৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ১৪৮ জন।