ভিডিওচিত্রে ১ মিনিটে ‘ভালোবাসার বাংলাদেশ’
অনলাইনে ‘পজিটিভ’ বাংলাদেশকে তুলে ধরতে বিজয়ের ৪৭ বছর উদযাপন ক্ষণে সারাদেশের মানুষের চোখে দেশের এগিয়ে যাওয়ার প্রেরণাদায়ক গল্প দেখা যাবে এক মিনিটের ভিডিওচিত্রে।
স্কয়ার টয়লেট্রিজ এবং মিডিয়া কমের অর্থায়ন ও সহযোগিতায় ‘১ মিনিটে তোমার ফ্রেমে দেখাও, ছড়িয়ে দাও’ স্লোগানে ‘ভালোবাসার বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ছবিয়াল, আমরাই বাংলাদেশ এবংগ্রিনবি কমিউকেশনস।
রোববার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে এই আয়োজনে প্রতিদিন আপলোড করা ভিডিওগুলো থেকে সেরা ভিডিও পাঠিয়ে আইফোন এবং কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘ভালোবাসার বাংলাদেশ’ আয়োজনের পেছনের ভাবনা নিয়ে উদ্যোক্তা গ্রিনবি কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আবিদুর রেজা জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের চারপাশে এখন অনেক নেগেটিভ জিনিসের চর্চা হয়, বিশেষ করে সামাজিক মাধ্যমে।
“আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপনের আগে এমন একটি ধারা তৈরি করতে চাই যেন তরুণ সমাজ শত শত পজেটিভ বাংলাদেশ তুলে ধরার তৈরি কন্টেন্ট পায়, ভালো থাকার উদাহারণ পায়।”
এই প্রতিযোগিতা নিয়ে আয়োজকেদের প্রত্যাশা, মানুষ তার আশপাশের ইতিবাচক বিষয়গুলো দেখাক এবং অন্যকে উৎসাহিত করুক।
এই আয়োজনের তিনটি পর্ব রয়েছে বলে জানান হাসান আবিদুর রেজা জুয়েল।
এরই মাঝে প্রথম পর্বে জমা পড়েছে প্রায় চার হাজার ভিডিও।
প্রথম বিশ দিনের প্রতিদিন আপলোড করা ভিডিওগুলো থেকে সেরা নির্মাতা পাবেন একটি করে আইফোন। দ্বিতীয় ও তৃতীয় সেরা নির্মাতা পাবেন বিশেষ ফটোগ্রাফার জ্যাকেট ও গিফট হ্যাম্পার।
থাকছে প্রতি পর্ব শেষে কুইজের মাধ্যমে তিনটি করে স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগও।
“বিশ দিনের প্রতিযোগিতা শেষে চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর তত্ত্বাবধানে সেরা ১০টি ভিডিও পুনরায় নির্মিত হবে এবং ক্যাম্পেইন শেষে ১০টি ভিডিও থেকে সেরা তিনটি বিষয়বস্তু নিয়ে তিনটি ফিল্ম নির্মিত হবে। এই সেরা তিন নির্মাতা প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা”, বলেন হাসান।
যে কোনো বাংলাদেশি নাগরিকের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় পাঠানো যাবে আশেপাশের মানবিক কোনো ঘটনা, বীরত্বগাথা, কোনো প্রতিষ্ঠানের অসাধারণ উন্নয়ন কাজ, জীবন বদলে দেওয়া কোনো প্রযুক্তির উদ্ভাবন, কল্যাণকামী উদ্যোগ নিয়ে এক মিনিটের ভিডিওচিত্র।
প্রতিযোগীরা শুধু যে ডিএসএলআর অথবা প্রফেশনাল ভিডিও ক্যামেরাতে ধারণ করা ভিডিও চিত্র পাঠাতে পারবেন তা নয়; মোবাইল ফোনেও ধারণ করা ভিডিও জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
একটি সম্পাদনা প্যানেলের অনুমোদনের পরই জমা দেওয়া ভিডিওগুলো এই আয়োজনের ওয়েবসাইট, ফেইসবুক পাতা, ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
পুরো ক্যাম্পেইনটি চলবে মধ্য অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।
