২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেমকন সাহিত্য পুরস্কার পেলেন প্রশান্ত মৃধা

‘ডুগডুগির আসর’ উপন্যাসের জন্য এবার জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2018, 10:34 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়।

প্রশান্ত মৃধা ছাড়াও এবার জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন হামিম কামাল এবং জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন হাসান নাঈম।

প্রশান্ত মৃধাকে পুরস্কারের অর্থমূল্য হিসেবে আট লাখ টাকার পাশাপাশি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

আর ছোট গল্পের পাণ্ডুলিপি 'সোনাইলের বনে'র জন্য পুরস্কৃত হামিম কামালকে এবং 'দিল নিলামের হাট' নামে কবিতার পাণ্ডুলিপির জন্য পুরস্কৃত হাসান নাঈমকে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

জেমকন গ্রুপের পরিচালক কাজী নাবিল আহমেদ তাদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে সাহিত্যের নানা দিক ছাড়াও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা  হয়েছে।

‘মঞ্চ নাটক, টিভি নাটক ও চিত্রনাট্য’ শীর্ষক আলোচনার মধ্য দিয়ে বাংলা একাডেমির লনে শুরু হয় ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন। মঞ্চ নাটক জীবন্ত মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে সে বিষয়েই আলোচনা হয় এই আয়োজনে।

একই সময়ে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান লেখক আরিফ আনোয়ারের প্রথম উপন্যাস ‘দ্য স্টর্ম’ নিয়ে হয় আলোচনা। উপন্যাসটি তৎকালীন বার্মা, ভারত ও বাংলাদেশের অনেকগুলো গল্পকে এক করেছে, তা আলোচনায় উঠে এসেছে।

এরপরই আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ফিয়ারসাম ফিউচারস’ শিরোনামে আলোচনায় কেলি ফ্যালকোনারের সঙ্গে আলাপে বসেন অ্যাডাম জনসন।

অ্যাডাম বলেন, “প্রত্যেকটি মানুষের জীবনের গল্প তাকে ঘিরেই আবর্তিত হয়। লক্ষ্য ঠিক করে, নানা চড়াই-উতরাই পেরিয়ে যখন আমরা সেই কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছাই, তাকেই জীবনের সার্থকতা বলে মেনে নিই। এই গল্পের পুরোটায় সেই ব্যক্তিই নায়কের ভূমিকায় থাকে।

“কিন্তু উত্তর কোরিয়ার আড়াই কোটি মানুষের জীবনের গল্প পৃথিবীর বাকি মানুষের মতো না। এখানে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প ঘুরপাক খায় একজন শাসককে কেন্দ্র করে। ফিকশন নামক মুখোশের আড়ালে দ্য অরফ্যান মাস্টারস সন-এ ফুটে উঠেছে এই নিদারুণ সত্য।”

ভাস্কর নভেরা প্রদর্শনী কেন্দ্রের দ্বিতীয় তলার মঞ্চে ‘হোয়্যার ডু দে কাম ফ্রম?’ শীর্ষক সেশনে উপস্থিত ছিলেন ভারতের হিমাঞ্জলি সংকর, চন্দ্রহাস চৌধুরী, অরূপ স্যানাল এবং জার্মানির ওলগা গ্র্যাগাসনোয়া।

কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বাংলা সাহিত্যের ইতিহাস: সংকট ও উত্তরণ’ শীর্ষক আলাপচারিতায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক নিখিলেশ রায় এবং কবি ও অধ্যাপক সুমন গুণ।

হালের ‘মি টু’ আন্দোলন নিয়ে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সেশনে অংশ নেন অভিনেত্রী বন্যা মির্জা, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারী আন্দোলনকর্মী রিতা দাশ রায়।

বিকালে কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ‘দ্য সিক্রেট হিস্টোরি’ শিরোনামের সেশনে ফিলিপ হ্যানশার কথা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে। আলোচনায় ফিলিপ এশিয়ার মানুষদের প্রতি তার আগ্রহ ও ভালোবাসার কথা তুলে ধরেন।

শেষ বিকালে ‘ক্রেজি রিচ এশিয়ান’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্যাট্রিক উইন, গোয়েন রবিনসন ও চন্দ্রহাস চৌধুরী।

লিট ফেস্ট প্রাঙ্গনে শিশুদের জন্য ছিল নানা আয়োজন। ছিল মজার মজার গল্প, মঞ্চ নাটক, পুতুলনাট্যসহ আরও অনেক আয়োজন।

সকালে বাংলা একাডেমির বটতলার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘পশু পাখির তিন গল্প’। শিশু সাহিত্যিক হিমাঞ্জলি শঙ্কর ‘সুপারডগস’ নামে একটি সেশন করেন। দুপুরে ছিল ‘থিয়েটার: দ্য লাস্ট ট্রি’ মঞ্চ নাটক।

বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা হয় অনুবাদ শিল্প ও এর বর্তমান অবস্থা নিয়ে। ‘ঢাকা ট্রান্সলেশন সেন্টার’ শীর্ষক এ আলোচনায় যোগ দেন অনুবাদক কায়সার হক, খাদেমুল ইসলাম ও পুষ্পিতা আলম।

এবারের লিট ফেস্টে আলোচনা, পারফরম্যান্স চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে রয়েছে শতাধিক সেশন। আরও আছে আনপ্লাগড মিউজিক কনসার্ট।

শনিবার শেষ দিনের বিকালে ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় যোগ দেবেন এক সেশনে।