যুদ্ধাপরাধ: পিরোজপুরের ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত
পিরোজপুরের ভাণ্ডারিয়ার সাতজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, গণহতার মত মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সাত আসামির মধ্যে উপজেলার হেতালিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদার ওরফে মান্নান ডিলার (৭৫), আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সী (৮৮), আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার (৬৭) ও মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ (৬৮) গ্রেপ্তার হয়ে করাগারে আছেন।
মঙ্গলবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, “এ মামলার তদন্ত শুরু হয় ২০১৬ সালের ১২ অগাস্ট। তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ এ মামলায় সাক্ষী করা হয়েছে ৪২ জনকে। তদন্ত চলাকালে ৩৩ জনের জবানবন্দি নেওয়া হয়েছে।
“আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, গণহতার অভিযোগ আনা হয়েছে।”
৬৬তম প্রতিবেদন উল্লেখ করে হান্নান খান বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা কনভেনশন মুসলীম লীগ করতেন। স্বাধীনতার পর থেকে তারা জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত ছিলেন।”
এ মামলার তদন্ত কর্মকর্তা বদরুল আলম বলেন, সাত আসামির মধ্যে গ্রেপ্তারের পর তদন্তকালে আসামি মো. ফজলুল হক হাওলাদার (৭৫) মারা যাওয়ায় চার আসামি বর্তমানে কারাগারে আছেন। দুই আসামি এখনও পলাতক।
তদন্ত কর্মকর্তা বলেন, আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। এই চার অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, গুলিতে তিন ব্যক্তি ও এক নারীর স্তনে গুরুতর জখমের ঘটনা রয়েছে।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকসহ সংস্থার অন্য কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে ছিলেন।
