২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির বয়স বাড়ানোর বিক্ষোভে চড়াও পুলিশ

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের বিক্ষোভ পণ্ড করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 05:06 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

শনিবার দুপুরে ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে তাদের উপর চড়াও হয় পুলিশ।

সেখান থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ; দৌড়ে পালাতে গিয়ে আহত হয়েছেন চার আন্দোলনকারী। 

পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে দুপুর ১২টার দিকে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগে গণগ্রন্থাগার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে। গ্রন্থাগারের ফটকে তখন অবস্থান নেয় পুলিশ।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ ফটক আটকে দেয়। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি পালন করতে চাইলে ফটক খুলে দেয় পুলিশ।

তখন আন্দোলনকারীদের কয়েকজন বেরিয়ে এলে পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর আন্দোলনকারীরা ক্যাম্পাসের দিকে চলে যায়।

Image
সরকারি চাকরিতে ঢোকার ন্যূনতম বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে শনিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মিছিল।

সরকারি চাকরিতে ঢোকার ন্যূনতম বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে শনিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মিছিল।

আটকদের মধ্যে রয়েছেন সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম আলী, সোনিয়া, নাদিয়া।

পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু আমাদেরকে বার বার বাধা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে।

“আজকে আমাদের ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় আহত হয়ে আমিসহ আরও ৪ জন এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছি।"

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম রয়েছে, তাই শাহবাগ এলাকাতে কোনো কর্মসূচির অনুমতি নেই। আন্দোলনকারীরা পুলিশের কাছ থেকে কোনো অনুমতিও নেননি।”

তিনি সেখান থেকে সাতজনকে আটকের কথা জানান।