২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসে ব্যাংক কর্মকর্তা, ছোটো ভাইসহ গ্রেপ্তার

বিভিন্ন চাকরি নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি, যিনি জনতা ব্যাংকের কর্মকর্তা।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 01:04 AM

Updated : 19 Aug 2022, 02:50 PM

একই অভিযোগে হাফিজুরের ছোটো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র আব্দুর রহমান রমিজকেও গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে এর আগে বিভিন্ন সময় গ্রেপ্তার আলিফ, ইব্রাহিম, তাজুল এবং বাঁধন তাদের জবানবন্দিতে হাফিজুর রহমান নামে একজনের নাম বলেছিল। কিন্তু তার পরিচয় সম্পর্কে কিছু বলেনি।

“পরে তদন্তে দেখা যায় এই হাফিজুর রহমান জনতা ব্যাংকের যমুনা ফিউচার পার্ক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। এরপরই অভিযান চালিয়ে গত ২৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, হাফিজুরের বাসা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের ভর্তি হয়েছে এমন শিক্ষার্থীদের তালিকা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে এমন ব্যক্তিদের তালিকা পাওয়া গেছে।

“হাফিজ বিভিন্ন কেন্দ্র থেকে তার লোকের মাধ্যমে চাকরির নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করত এবং তা নিজের লোকের মাধ্যমে ছড়িয়ে দিত। একাজের জন্য তার একটি শক্ত নেটওয়ার্ক গড়ে উঠে।

“এই কাজ করে মাধ্যমে সে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে এবং পাঁচটি ব্যাংকে প্রায় সাত কোটি টাকার লেনদেনের হিসাব মিলেছে। এছাড়া শেয়ার বাজারে রয়েছে প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ, ঢাকায় প্লট, গ্রামে তার আলিশান বাড়ি রয়েছে।”

মোল্যা নজরুল বলেন, “গ্রেপ্তারের পর হাফিজুর স্বীকার করেছে ফাঁস হওয়া প্রশ্ন বিভিন্ন জায়গায় বিক্রি ছাড়াও সে তার ভাইকেও দিয়েছিল। আর এই প্রশ্নে পরীক্ষা দিয়েই ফার্মের্সি বিভাগে গত বছর ভর্তির সুযোগ পায় রমিজ।”

তার তথ্যের ভিত্তিতেই রমিজকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়, বলেন তিনি।

রমিজ প্রশ্ন ফাঁসের তার ভাইয়ের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

মোল্যা নজরুল বলেন, তাদের কাছ থেকে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।