২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় প্রান্তিকে মন্ত্রিসভার ৭২.২৯% সিদ্ধান্ত বাস্তবায়ন

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রিসভায় নেওয়া ৭২ দশমিক ২৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় এক দশমিক ৪৬ শতাংশ পয়েন্ট কম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 04:02 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বি সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৮ সালের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০টি মন্ত্রিসভা বৈঠকে ৮৩টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬০টির, ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭২ দশমিক ২৯ শতাংশ।

গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে নয়টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৮০টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৫৯টি। আর ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৭৩ দশমিক ৭৫ শতাংশ।

শফিউল জানান, এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে তিনটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ), তিনটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে ২৯টি আইন।

আর ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে সাতটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে ছয়টি আইন পাস হয়।