বিএসটিআই আইন লঙ্ঘনে ২ বছর সাজা, লাখ টাকা জরিমানা
আইন লঙ্ঘনে সর্বোচ্চ দুই বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল ২০১৮’ সংসদে পাস হয়েছে।
গত ২১ অক্টোবর বিলটি সংসদে উত্থাপনের পর পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
উচ্চ আদালতের নির্দেশনা ও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ১৯৮৫ সালের স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশটি যুগোপযোগী করতে এই আইনটি করা হচ্ছে।
এই আইনের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত পণ্য বিদেশের বাজারেও প্রতিযোগিতায় গ্রহণযোগ্য করে তোলা যাবে বলে আশা সরকারের।
বিলে একটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার প্রধান কার্যালয় হবে ঢাকায়।
বিলে লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ইনস্টিটিউশনে সদৃশ কোনো মার্ক বা ট্রেড মার্ক ব্যবহার করা যাবে না। এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।
কারিগরী শিক্ষা বোর্ড বিল সংসদে পাস
কারিগরি শিক্ষায় নতুন নতুন কোর্স-কারিকুলাম অন্তর্ভুক্ত করে কারিগরী শিক্ষা বোর্ড বিল-২০১৮ সংসদে পাস হয়েছে।
রোববার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ২৪ অক্টোবর বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
গত ৮ অক্টোবর মন্ত্রিসভায় এই আইনটি অনুমোদন দেওয়া হয়।
বিলে কারিগরি শিক্ষার নতুন নতুন কোর্স-কারিকুলাম স্থান পেয়েছে। এছাড়া বোর্ডের পরিচালনা পর্ষদের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ১৪ সদস্যের পরিচালনা বোর্ড এটি পরিচালনা করে। নতুন আইনে সদস্য সংখ্যা বাড়িয়ে ২২ জন করা হয়েছে। এক তৃতীয়াংশের উপস্থিতিতে কোরাম হবে এবং পর্ষদের বৈঠক করতে পারবে।
বিলে বলা হয়েছে, সরকারের নিযুক্ত উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা প্রেষণে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব পদে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
নতুন আইনে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ, বোর্ডের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা নতুন করে নির্ধারণ করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন। তিনি বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন।
অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ বছর।
বোর্ডের তহবিল ব্যবস্থাপনা, সংরক্ষণ ও বাজেট প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। নিজস্ব জনবল পরিচালনার জন্য নিজস্ব প্রবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডকে। এ ছাড়া বোর্ডের অধীনে প্রতিটি কোর্স কারিকুলাম কীভাবে পরিচালিত হবে, কতদিন চলবে, পরীক্ষা ব্যবস্থাপনা ও সনদ প্রদান বিষয়গুলোর ক্ষমতাও দেওয়া হয়েছে বোর্ডকে।
