২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমের বিরোধিতা না জেনে: সিইসি

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে কোনোভাবেই ভোট কারচুপির সুযোগ নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, যারা এ যন্ত্রের বিরোধিতা করছেন, তারা তা করছেন ‘না জেনে’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 05:34 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

দেশের আট অঞ্চলে আয়োজিত ইভিএম মেলার অংশ হিসেবে শনিবার খুলনা নগরীর শিববাড়ী মোড়ে এ প্রদর্শনীর উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিনি এ কথা বলেন।

বিএনপিসহ জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা ইভিএম ব্যবহারের বিরোধিতার পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে এলেও এ নিয়ে কমিশন ‘উদ্বিগ্ন নয়’ বলে জানান নূরুল হুদা।

তিনি বলেন, “তারা না জেনে ইভিএম এর বিরোধিতা করছেন। বিরোধিতার জন্য বিরোধিতা না করে ইভিএম সম্পর্কে জেনে বুঝে পরামর্শ দিতে আহ্বান জানাব আমি।

ইভিএমের নানা দিক তুলে ধরে সিইসি বলেন, এ যন্ত্র ব্যবহারে নির্বাচনের ব্যয় ৬০ শতাংশ কমবে। ইন্টারনেট সংযোগ থাকবে না বলে হ্যাক করা যাবে না। চুরি করে নিয়ে গেলেও কারচুপি করা যাবে না, নির্ধারিত সময়ের আগেও ভোট দেওয়া যাবে না।

এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম ব্যবহারের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে আইন মন্ত্রাণলয়ে প্রস্তাব পাঠিয়েছে। আইন সংশোধন হয়ে গেলে আসন্ন জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে।

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দ্বিমত প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইসি বলেন, “দ্বিমত পোষণ করার গণতান্ত্রিক অধিকার তো সকলেরই আছে। কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত প্রকাশ করতে পারেন। অন্য চারজন কমিশনার তো পক্ষেই রয়েছেন।”

সাংবাদিকদের আরেক প্রশ্নে নূরুল হুদা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে নভেম্বর মাসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কী হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সংসদ নির্বাচন সামনে রেখে জনগণকে ধারণা দিতে দেশের আট অঞ্চলে শনিবার ইভিএম মেলার এই আয়োজন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রাজশাহীতে, নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ফরিদপুরে, নির্বাচন কমিশনার কবিতা খানম রংপুরে, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ চট্টগ্রামে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান ও যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান সিলেটে এবং যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান কুমিল্লায় এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ময়মনসিংহে এ মেলার উদ্বোধন করেন।

এদিকে এই মেলার দিনও ইভিএম এর বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণের মতামতকে উপেক্ষা করে ভোট কারচুপির জন্য সরকারি হুকুমে ইভিএম ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।… দেশে দেশে প্রত্যাখ্যাত ও বিতর্কিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে।”

রাজশাহী নির্বাচন অফিস চত্বরে ইভিএম মেলার উদ্বোধন করে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘কোটি কোটি গাছ নষ্ট করে ব্যালট ও ব্যালটের সঙ্গে আনুসঙ্গিক কাগজপত্র তৈরি করতে হয়। আমরা পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে দিতে পারি না। তাই আপনাদের সামনে ইভিএম মেশিন নিয়ে এসেছি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে ‘ঐক্যফ্রন্ট’ বলে কিছু নাই।

“আমাদের কাছে আছে নিবন্ধিত ৩৯টি দল। এদের কেউ কেউ ইভিএমের বিরোধিতা করেছে। কিন্তু সিটি নির্বাচনে এবং অন্যান্য নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে ১২টি দল অংশ নিয়ে কেউ কেউ জয়লাভও করেছে।”

রফিকুল ইসলাম বলেন, বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোকে ইভিএম মেলায় আমন্ত্রণ জানানো হলেও তারা আসেননি।

“রাজনৈতিক দলের চেয়ে আমার কাছে সবার আগে ভোটার। ভোটারদের সন্তুষ্ট করতে চাই। আর যদি ভোটারের সন্তুষ্টি অর্জন করতে পারি, তা হলে আমি ধরে নিই রাজনৈতিক দলের সন্তুষ্টি অর্জন হবে। কারণ ভোটারদের জন্যই তো রাজনৈতিক দল।”

ফরিদপুরে কবি জসিম উদ্দীন হলে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থায় আনার জন্যই এ ভোটিং পদ্ধতি। তবে যে কোনো নতুন বিষয়ে মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা হবে এটা স্বাভাবিক। আমরা স্বাধীন প্রতিষ্ঠান, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই কাজ করে যাচ্ছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর আস্তার সঙ্কট রয়েছে, একে অন্যের ওপর আস্থা রাখতে পারে না। এই আস্থা না এলে ভালো কিছু হবে না।”

নির্বাচন কমিশনার কবিতা খানম রংপুর জেলা পরিষদ অডিটরিয়ামে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “মোবাইল ফোন তো একজন অশিক্ষিত মানুষও ব্যবহার করছেন। আমরা কেন প্রযুক্তি ব্যবহার করব না? বিশ্ব যখন প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকব কেন?”

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তিন হাজার ৮২৫ কোটি টাকার একটি প্রকল্প ইতোমধ্যে সরকারের অনুমোদন পেয়েছে। প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার ইভিএম কেনা হবে। নির্বাচনী কর্মকর্তাদের ইতোমধ্যে ইভিএমের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

“আরপিও সংশোধন হয়ত হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে আমরা ইভিএম ব্যবহার করব। এবং এটা শহর এলাকায়। গ্রাম এলাকায় এখন দেব না। মানুষকে আমরা অভ্যস্ত করাব আস্তে আস্তে।” 

প্রদর্শনী আয়োজনের বিষয়ে হেলালুদ্দীন বলেন, “যখন আমরা ইভিএম প্রযুক্তি আনলাম, নানা অপপ্রচার শুরু হল। যেভাবে খারাপ বলা শুরু হল, আমরা বলার সুযোগই পেলাম না এটা কীভাবে কাজ করে। প্রদর্শনীতে এসে নিজেরা দেখুন খারাপ কী ভালো।”

ইভিএমের পরিচিতি বাড়ানোর পাশাপাশি এ নিয়ে বিভ্রান্তি দূর করা এ প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য জানিয়ে ইসি সচিব বলেন, “ভোটকে আমরা ভীতির মধ্যে রাখতে চাই না। ভীতি ও ভোগান্তি কমাতে ইভিএমের বিকল্প নেই।”

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরাও আট অঞ্চলের ইভিএম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

[বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।]