২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেইটে বাসের ধাক্কায় বিএডিসি কর্মকর্তার মৃত্যু

রাজধানীর ফার্মগেইটে বাসের ধাক্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 01:27 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

বৃহস্পতিবার সকালে ওই এলাকার সেন্টার পয়েন্ট কনকর্ডের সামনের ফুট ওভারব্রিজের নিচে দুর্ঘটনায় পড়েন করপোরেশেনের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম (৫৪)।

সিরাজুলের মেয়ে নুসরাত জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অফিসে যাওয়ার জন্য সকাল ৮টার দিকে পূর্ব রাজাবাজারের বাসা থেকে বের হন তার বাবা। পশ্চিম দিকে অপরপ্রান্তের ফার্মগেইট পুলিশ বক্সের দিকে যেতে চাচ্ছিলেন তিনি।

“তখন বিজয় সরণির দিক থেকে আসা শিকড় পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।”

তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন বলে জানান তার মেয়ে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি ফুটওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন বাসটি এসে উনাকে ধাক্কা দেয়।”

বাসটি আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সিরাজুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামে। স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় থাকতেন।