লেগুনা বন্ধে দুর্ভোগ ঢাকাবাসীর
ঢাকার ফার্মগেইট থেকে ধানমণ্ডি-জিগাতলা যাওয়ার কোনো বাস নেই, রিকশাও সরাসরি যেতে পারে না; এই পথে যাতায়াতকারীদের হিউম্যান হলারগুলোই ছিল ভরসা।
কিন্তু বুধবার আকস্মিকভাবে লেগুনা নামে পরিচিত হিউম্যান হলারগুলো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই যাতায়াতকারীরা, যাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।
ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া মহানগরীতে হিউম্যান হলার চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর ফার্মগেইট-জিগাতলা রুটে কোনো লেগুনা চলেনি।
ফার্মগেইট থেকে মোহাম্মদপুর, মিরপুরগামী লেগুনাগুলোও চলেনি এদিন। মোহাম্মদপুর থেকে গুলশান-বাড্ডা কিংবা গাবতলী থেকে মহাখালীগামী লেগুনাগুলোকেও এদিন দেখা যায়নি সড়কে। গুলিস্থান থেকে পুরান ঢাকার লেগুনা চললেও সংখ্যায় ছিল কম।
নিরাপদ সড়ক আন্দোলনের পর আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে রাজধানীতে বাসের সংখ্যা কিছু দিন ধরেই কম। তার মধ্যে লেগুনা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পথে নেমে মানুষকে পড়তে হয় দুর্ভোগে।
বিকল্প তৈরি না করে একদিনেই চার হাজারের বেশি হিউম্যান হলার বন্ধ করে দেওয়ার এই পদক্ষেপে ক্ষোভ জানিয়েছেন রাজধানীবাসী অনেকে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেছিলেন, “ঢাকা শহরে কোনো লেগুনা চলার কথা নয়, হিউম্যান হলার চলার কথা নয়। ঢাকা মহানগরীতে কোনো ধরনের লেগুনা চলবে না।”
অনুসন্ধানে জানা যায়, ঢাকা মহানগরীতে চার হাজারের বেশি হিউম্যান হলারকে রুট পারমিট দিয়েছে যে কর্তৃপক্ষ, তার প্রধান হলেন ঢাকার পুলিশ কমিশনার স্বয়ং।
ঢাকার বিভিন্ন রুটে হিউম্যান হলারের চলাচলের অনুমতি বা রুট পারমিট দেয় মহানগর আঞ্চলিক পরিবহন কমিটি বা মেট্রো আরটিসি। ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদাধিকার বলে এর প্রধান। বিআরটিএর একজন উপপরিচালক সদস্য সচিব। এছাড়া মালিক সমিতি, শ্রমিক কমিটি, জেলা প্রশাসন, বিআরটিসিসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আরটিসির সদস্য।
হিউম্যান হলারগুলোর ঢাকায় চলাচলের অনুমতি নেই- ডিএমপি কমিশনারের এমন বক্তব্য ঠিক নয় বলে দাবি করেছেন হাজারীবাগের ট্যানারি মোড়-নীলক্ষেত রুটের নিলয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগুলোর পারমিশন তো সরকারই দিয়েছে, বিআরটিএ রুট পারমিটও দিয়েছে। হঠাৎ কি চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, তা তো বুঝতে পারছি না।
“এটা মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো অবস্থা হল। হিউম্যান হলার চলতে দেওয়া হোক। যদি বন্ধ করতেই হয়, তাহলে সময় দিয়ে বন্ধ করুক। একটা নীতিমালা করে চলুক। আমরা সেভাবেই চলব।”
চলতি বছর পর্যন্ত ঢাকায় ৪ হাজার ৪৬৪টি হিউম্যান হলার চলাচলের অনুমোদন দিয়েছে মেট্রো আরটিসি। ১৫৯টি রুটে এসব হিউম্যান হলার চলছে।
হিউম্যান হলারের নিবন্ধন নিতে হয় বিআরটিএ থেকে। বিআরটিএর হিসাবে ঢাকায় হিউম্যান হলার নিবন্ধন নিয়েছে ৫ হাজার ১৫৬টি। এরমধ্যে চলতি বছরের জুলাই পর্যন্ত ২১১টি হিউম্যান হলারের অনুমোদন দিয়েছে বিআরটিএ। এর আগে ২০১৭ সালে ২১৭, ২০১৬ সালে ৭৮৭, ২০১৫ সালে ৫০২, ২০১৪ সালে ১০৯, ২০১৩ সালে ১১৫, ২০১২ সালে ১৪৫, ২০১১ সালে ৫৬৯টি হিউম্যান হলারের অনুমোদন দেওয়া হয়। ২০১০ সালের আগে অনুমোদন পায় দুই হাজার ৭১৮টি হিউম্যান হলার।
এসব হিউম্যান হলার রাজধানীবাসীর কাছে এখন পরিচিত চীনের তৈরি ‘লেগুনা’ ব্র্যান্ডের নামে; যদিও টাটা, অশোক লিল্যান্ড, মাহিন্দ্রসহ বিভিন্ন ব্র্যান্ডের হিউম্যান হলার চলছে।
এই সব লেগুনার সামনে নেই লুকিং গ্লাস; যার কারণে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মহাখালীর আমতলী এলাকায় বাসের অপেক্ষায় থাকা বাড্ডার বাসিন্দা জয়নাল সরকার বলেন, “আমি মোহাম্মদপুর থেকে নিয়মিত বাড্ডায় যাতায়াত করি। এই রুটে শুধু বিআরটিসির বাসই চলে, তাও অপ্রতুল। লেগুনা বন্ধ হয়ে গেলে আমাকে রাইড শেয়ারিংয়ে যেতে হবে। এতে আমার খরচ ও ভোগান্তি দুটোই বেড়ে গেল।”
রায়েরবাজারের বাসিন্দা তেজগাঁও কলেজের ছাত্র শামীম আহমেদ বলেন, স্কুল কলেজের অনেক ছাত্র, নিম্নআয়ের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হিউম্যান হলার। এগুলো বন্ধ করায় তারা ভোগান্তিতে পড়েছে।
“যারা এসব সিদ্ধান্ত নেয় তারা তো এসি রুমে বসে সিদ্ধান্ত নেয়। তারা এসি রুম থেকে বের হয়ে এসে একবার দেখুক, বাসের রাস্তা নেই, আবার রিকশাও যায় না, সেসব মানুষ কীভাবে চলাচল করে।”
লেগুনাগুলো নিয়ম মেনে চলে না বলে যে অভিযোগ রয়েছে, তা মেনে নিয়েই এই কলেজছাত্র বলেন, “কিন্তু বিকল্প তৈরি না করে একদিনে বন্ধ করে দেওয়া ঠিক না।”
ফিটনেসবিহীন এই সব লেগুনায় নেই সামনের কাচ। ছবি: আব্দুল্লাহ আল মমীন
“মেট্রোরেলের কাজ চলমান থাকায় রোকেয়া সরণিতে সারাদিনই যানজট থাকে। ফলে আমি হিউম্যান হলার দিয়ে ৬০ ফুট সড়ক হয়ে ফার্মগেইট চলে আসি। হিউম্যান হলার বন্ধ করে দিলে আমি ফার্মগেইট যাব কী করে? ওই সড়ক ধরে রেডিও অফিসের কাছে এসে আমাকে বাসে উঠতে হবে। কিন্তু সেখানে বাস থামায় না। বাসে নিলেও তারা আমার কাছ থেকে ভাড়া কম নিবে না। পুরো দুরত্বের ভাড়া নেয়।”
একই কথা বলেন মহাখালীর এক বাসিন্দা। তিনি বলেন, “লেগুনায় ১০ টাকায় শ্যামলী পর্যন্ত যাওয়া যেত। এই রুটে দুটি বাস চলে, তা সংখ্যায় কম। ঠেলেঠুলে উঠলেও তারা ভাড়া নেয় ২০ টাকা। আমার যাতায়াত খরচ একদিনেই দ্বিগুণ হয়ে গেল।”
নাগরিকদের আপাতত দুর্ভোগের কথা মেনে নিলেও ঢাকা মহানগরী থেকে হিউম্যান হলার তুলে দেওয়ার সিদ্ধান্তে অটল পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর মো. রেজাউল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের ভেতরে লেগুনাগুলোর যে আধিক্য, সেটা আমরা কমিয়ে আনব। এটা নিয়ে কাজ শুরু করেছি। রিঅ্যারেঞ্জ করে পেরিফেরিতে নিয়ে যাব। তারা যেন আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়।”
কোনো বিকল্প তৈরি না করে হিউম্যান হলার উঠিয়ে দেওয়ায় মানুষের যে দুর্ভোগ হচ্ছে- এ প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত একটাই, হিউম্যান হলার বন্ধ হবে। বিকল্প কী হতে পারে, ওইটা দেখা যাবে। সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনায় আছে। আমরা দেখব সেটা।
“কাজ শুরু করতে হবে, শুধু ট্রাবল দেখলে হবে না। কাউকে না কাউকে কাজ করতে হবে। ক্রাইসিস সব জায়গায়ই আছে, তারপরও আমাদের কাজ করে যেতে হবে।”
রাজধানীর যেসব সড়কে বাস চলাচল কম বা একেবারেই নেই, সেসব এলাকায় বেশিরভাগ হিউম্যান হলার চলাচল করে।
গুলিস্তান থেকে গোড়ান, বাসাবো মাদারটেক, মাণ্ডা, সিপাহীবাগ, খিলগাঁও; গুলিস্তান থেকে হাজারীবাগ, লালবাগ, চকবাজার; কামরাঙ্গীরচরের ঝাউচর থেকে নিউমার্কেট, ফার্মগেইট পর্যন্ত। আঁটি বাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত লোকজনের যাতায়াতের মাধ্যম হিউম্যান হলার।
মিরপুরের কালসি রোড থেকে বিভিন্ন ব্লকে, ১০ নম্বর সেকশন থেকে বিভিন্ন ব্লকে, গাবতলী থেকে মাজার রোড, মিরপুর ১৪ নম্বর থেকে ইসিবি চত্বর মাটিকাটা হয়ে বিভিন্ন এলাকায় হিউম্যান চলাচল করে।
গুলিস্তান থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী থেকে জুরাইন, শ্যামপুর, পোস্তগোলা; যাত্রাবাড়ী থেকে ডেমরার বিভিন্ন রুটেও হিউম্যান হলার চলাচল করে।
ফার্মগেট থেকে মোহাম্মদপুর, জিগাতলা, হাজারীবাগ, মিরপুর, নিউমার্কেট রুট; ট্যানারি মোড় থেকে নিউ মার্কেট, মিরপুর-১০ মিরপুর ১ নম্বর শ্যামলী হয়ে জিগাতলা; আঁটিবাজার থেকে মোহাম্মদপুর হয়ে নীলক্ষেত পর্যন্তও চলে হিউমেন হলার।
রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার এবং নন্দীপাড়া পর্যন্তও বেশকিছু হিউম্যান হলার চলাচল করে। উত্তরার হাউজবিল্ডিং, আজমপুর থেকে দক্ষিণখান-উত্তরখান, জসিমউদ্দিন থেকে বাউনিয়াসহ বিভিন্ন রুটে হিউম্যান হলারে যাতায়াত করে মানুষ।
ড্রাইভিং লাইসেন্সবিহীন কম বয়সী চালকদের বেপরোয়া চালানো এবং ফিটনেসবিহীন হিউম্যান হলারের কারণে দুর্ঘটনা ঘটানোর অনেক অভিযোগ রয়েছে।
