বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে তরুণদের শিক্ষা নেওয়ার আহ্বান স্পিকারের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে শিক্ষা নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার সংসদ ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় স্পিকার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মানে বঙ্গবন্ধু আজন্ম লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপোষহীন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। বঙ্গবন্ধুর দর্শন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে।”
সংসদ সচিবালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, “বঙ্গবন্ধু তার মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু ঘাতকরা তা বাস্তবায়ন করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি- ইনডেমনিটির মত কালো আইন করে ঘাতকদের রক্ষা করার চেষ্টা করা হয়েছে।
“পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়েছে।”
এসময় তিনি মহান নেতা বঙ্গবন্ধুর জীবন আদর্শকে জানার ও ধারন করার জন্য সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান।
সংসদ সচিব মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম এবং মো. শাহাবুদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে ১৫ অগাস্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
