২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার কয়লা উধাও: আওরঙ্গজেবকে দুদকে জিজ্ঞাসাবাদ

কয়লা বিক্রি করে প্রায় ২০০ কোটি আত্মসাতের মামলায় বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম নুরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 02:05 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক মো. শামসুল আলম বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

নুরুল আওরঙ্গজেব এখন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি হিসেবে কর্মরত রয়েছেন।

১ লাখ ৪৫ হাজার টন কয়লা উধাও হওয়ার ঘটনায় ২৭ জুলাই মধ্যরাতে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে ১৯ জন আসামির বিরুদ্ধে মামলা করেন। পরে মামলা দুদকের কাছে হস্তান্তরিত হয়।

ওই মামলায় ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা খোলা বাজারে বিক্রি করে ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আর্জিতে বলা হয়েছে, খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নূর-উজ-জামান চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলামসহ খনির ব্যবস্থাপনায় জড়িত অপর আসামিরা ওই কয়লা চুরির ঘটনায় জড়িত।

অন্য যাদের আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা।

এরই ধারাবাহিকতায় মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি দেয় দুদক।

১৯ আসামিসহ নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুজ্জামাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক খালেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হাওলাদার, ব্যবস্থাপক (মেইনটেনেন্স এন্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন এন্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) আকরামুল হক, উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং এন্ড ম্যানেজমেন্ট) খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স এন্ড অপারেশন) মোরশেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহিদুর রহমান,  উপ-ব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন নাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলী, সাবেক মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারি ও গোপাল চন্দ্র সাহা, সাবেক মহাব্যবস্থাপক (এক্সপ্লোরেশন), কোম্পানি সেক্রেটারি আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন।

পুরনো খবর:

কয়লা কেলেঙ্কারি: মধ্যপাড়ার আওরঙ্গজেবকে দুদকে তলব