সিলেটে রিটার্নিং কর্মকর্তার কাছে পুলিশের বিরুদ্ধে আরিফুলের নালিশ
ভোটের আগের দিনও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে পুলিশের বিরুদ্ধে নালিশ জানালেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
রোববার বেলা ১২টার দিকে উপশহর এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ধানের শীষের প্রার্থী। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতা-কর্মীরা।
পুলিশ ‘বাড়াবাড়ি’ করছে বলে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের বিশ্বাসকে বলেন আরিফুল হক।
তিনি বলেন, “আমাদের রাজনৈতিক প্রার্থীদের মধ্যে ঝামেলা নেই। সম্প্রীতির সম্পর্ক আছে।
“অথচ আপনার অধীনে পুলিশ অতি উৎসাহী। তারা বাড়াবাড়ি করছে। পোলিং এজেন্টের তালিকা চাইছে। আমি কাকে এজেন্ট দেব না দেব, উনাদের কী? উনারা কি আমার এজেন্টদের গ্রেপ্তার করতে চান? নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে চান?”
এই নির্বাচনের শুরু থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন সিলেটের বিদায়ী মেয়র আরিফুল হক। নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি বন্ধে হাই কোর্ট থেকে আদেশও এনেছেন তার সমর্থকরা।
আরিফুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, “নির্বাচন পর্যন্ত রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার না করতে হাই কোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকার পরও আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে পুলিশ কেন গ্রেপ্তার করল?”
প্রিজাইডিং কর্মকর্তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির মেয়র প্রার্থী।
তিনি বলেন, “শেষ মুহূর্তে এসে প্রিজাইডিং কর্মকর্তা পরিবর্তন করছেন। এটা কীসের আলামত? আপনারাই দিয়েছেন, আবার আপনারাই চেঞ্জ করছেন। একটা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য যদি আপনারা তা করে থাকেন, তা অত্যন্ত দুঃখজনক।”
ক্ষমতাসীন দলের নেতারা প্রিজাইডিং কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাচ্ছে বলেও অভিযোগ করেন আরিফুল।
তিনি বলেন, ‘আপনার কাছে শেষবারের মতো অভিযোগ করছি। এর আগে আপনার কাছে অনেক অভিযোগ দিয়েছি। কারণ দর্শানো ছাড়া কোনো ব্যবস্থা নেননি। আপনি আমাকে কীভাবে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করবেন, করেন?”
অভিযোগ শুনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিএনপি প্রার্থীকে বলেন, “পোলিং এজেন্টদের কোনো তালিকা নির্বাচন কমিশন নেয়নি। এটা প্রার্থীর নিজের ব্যাপার। পুলিশ এ ব্যাপারে গিয়েছে কি না, আমি খোঁজ নিব। তারা এটা করতে পারে না।”
দু-একজন প্রিজাইডিং কর্মকর্তা অসুস্থ থাকায় তাদের পরিবর্তন করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
সোমবার অনুষ্ঠেয় সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এক মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পর গত নির্বাচনে আরিফুলের কাছে হেরেছিলেন তিনি।
