২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমে ভোট দেওয়ার অপেক্ষায় বরিশালের ২৫ হাজার ভোটার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১১টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন প্রায় ২৫ হাজার ভোটার।

তাবারুল হক

বরিশাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 06:56 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

যন্ত্রে ভোট দেওয়ার নতুন এই পদ্ধতি নিয়ে তাদের মধ্যে উৎসাহও কাজ করছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ সিটি করপোরেশনের ১২, ২০, ২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৭৮টি বুথে ইভিএমে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে কিছু ভোটারকে প্রশিক্ষণও দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

বরিশালের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “ইতোমধ্যে ইভিএম দিয়ে ভোট গ্রহণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

“১১ কেন্দ্রে প্রায় শতাধিক ইভিএম থাকবে। যেসব কেন্দ্রে ইভিএম থাকছে সেসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নজরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।”

ইভিএমে যেসব কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলো হল- ১২ নম্বর ওয়ার্ডের কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলে একটি কেন্দ্র এবং নুরিয়া আইডিয়াল স্কুল কেন্দ্রে।

Image
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শনিবার নুরিয়া প্রাইমারি স্কুলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরীক্ষামূলক ব্যবহার।ছবি: মোস্তাফিজুর রহমান

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শনিবার নুরিয়া প্রাইমারি স্কুলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরীক্ষামূলক ব্যবহার।ছবি: মোস্তাফিজুর রহমান

২০ নম্বর ওয়ার্ডের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএম কলেজের কলা বিভাগ কেন্দ্র (পুরুষ) ও বিএম কলেজের বাণিজ্য বিভাগ কেন্দ্র (নারী)। ২১ নম্বর ওয়ার্ডের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সৈয়দ আবদুল মান্নান ডিডিএফ মাদ্রাসায় নারী-পুরুষ আলাদা দুইটি কেন্দ্র।

২৮ নম্বর ওয়ার্ডের দারুস সালাম কাশীপুর নেছারিয়া দারুল উলুম মাদ্রাসা (নারী), নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চহুতপুর (এলেমউদ্দিন শরীফ) মাধ্যমিক বিদ্যালয় ও পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নারী)।

ইভিএমে ভোট দেওয়ার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ২৮ নম্বর ওয়ার্ডের নবজাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার রাজমিস্ত্রী মো. ইসমাইল হোসেন বলেন, “আমি মনে করি ভাল সিস্টেম, কারণ এখানে ব্যালটের মত অন্য কারও গিয়ে সিল মারার সুযোগ থাকবে না।”

তার পরিবারে পাঁচজন ভোটার রয়েছেন জানিয়ে ইসমাইল বলেন, “ইভিএম সম্পর্কে প্রশিক্ষণের সময় নিজে গিয়ে কোনো ধারণা নেইনি, তবে ভোট দিতে গিয়ে দেখে বুঝতে পারব, কিভাবে ভোট দেওয়া যায়। একবার দেখিয়ে দিলে দিলে সেইভাবে ভোট দিয়ে দিব। এতে সহজই হবে।”

২১ নম্বর ওয়ার্ডের নতুন ভোটার মো. ইয়ামিন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ভোট দেবেন। অোগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তিনিও।

“যখন ইভিএম দিয়ে ভোট নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিল তখন আমি সেখানে গিয়ে দেখেছি। এই ব্যবস্থাটা ভাল মনে হয়েছে। এখানে ভোট চুরি হওয়ার মত কিছু দেখতে পেলাম না। হাতে কালি লাগেনা। যারা যারা দেখছে তারাও বলছে এবার সিস্টেমটা ভাল হয়েছে।”

একই কেন্দ্রের ভোটার ব্যবসায়ী তরিকুল আলমও ইভিএমের পক্ষেই বলেন।

Image
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শনিবার নুরিয়া প্রাইমারি স্কুলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরীক্ষামূলক ব্যবহার।ছবি: মোস্তাফিজুর রহমান

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শনিবার নুরিয়া প্রাইমারি স্কুলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরীক্ষামূলক ব্যবহার।ছবি: মোস্তাফিজুর রহমান

৫৯ বছর বয়সী তরিকুল বলেন, “সারা জীবন ব্যালটে ভোট দিয়েছি, কিন্তু ইভিএমে মনে হয়েছে অনেক সহজ হবে, সময় কম লাগবে। কারচুপির কোনো সুযোগ তো সেখানে দেখছি না। আগের পদ্ধতিতে একজনে গিয়ে ব্যালটে সিল দিয়ে বাক্সে ভরে চলে যেতে পারে, এটাতে তো সেই সুযোগ নেই।”

আগের ব্যালটের চেয়ে এই পদ্ধতিটা অনেক সহজ মনে হয়েছে ২১ নম্বর ওয়ার্ডের হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোটার আঁখি আক্তার লাবনীর কাছে।

“আমরা এটাতে কোনো খারাপ দেখছি না।”

২০ নম্বর ওয়ার্ডের বিএম কলেজের কলা ভবন কেন্দ্রের ভোটার ব্যবসায়ী আশরাফ আলী খান ইভিএম নিয়ে বলেন, “আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে নিয়ে অনেকে বিতর্ক করে, অনেকে বলে কারচুপির হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি- যারা ভোট গ্রহণ করবেন তারা সৎ থাকলে এতে ১০০ ভাগ স্বচ্ছ ভোট হবে।”

সোমবার অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপির ধানের শীষ প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ারসহ অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া এ সিটিতে ৩০টি ওয়ার্ডে ৯৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নগরীর ৩০টি ওয়ার্ডে ১২৩টি কেন্দ্রে মোট দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার ভোট দেবেন।