মসজিদে চোরাই সোনা হাতবদলের সময় গ্রেপ্তার ৩
ঢাকায় বিমানবন্দরে মসজিদে বসে চোরাই সোনা হাতবদলের সময় সিভিল এভিয়েশনের এক কর্মচারীসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
তারা হলেন সিভিল এভিয়েশনের কর্মচারী জামাল উদ্দিন পাটওয়ারী এবং বিমানযাত্রী মোহাম্মদ একরামুল হক ও জাহিদুল হক সালমান ভুঁইয়া।
মসজিদে বসে ৫৭টি সোনার বার হস্তান্তরের সময় রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের প্রধান অথেলো চৌধুরী জানিয়েছেন।
এই কাস্টম উপকমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমিরেটস এয়ারলাইসেন্সর একটি ফ্লাইটে আসা দুজন যাত্রী তাদের কাছে থাকা সোনার বার হস্তান্তর করছে বলে খবর পেয়ে তারা মসজিদে নজর রাখছিলেন।
তিনি বলেন, সন্দেহভাজন দুই যাত্রী একরামুল ও জামালকে বিমানবন্দরের তৃতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এয়ার লাউঞ্জের’ পাশে অবস্থিত মসজিদের ভেতর ঢুকতে দেখা যায়। সেখানে তারা নামাজ পড়ার ভঙ্গিতে অবস্থান নেন।
“কিছুক্ষণ পর সিভিল এভিয়েশনের ক্লিনিং শিফট ইনচার্জ জামাল উদ্দিন পাটওয়ারী মসজিদে ঢোকেন এবং ওই দুই যাত্রীর সাথে কিছুক্ষণ কথা বলেন। পরে জামালকে একটি ব্যাগ নিতে দেখা যায়।”
জামাল বেরিয়ে আসার সময় শুল্ক কর্মকর্তারা তাকে আটকায়। এরপর তিনজনকে ধরে কাস্টমস হলে নিয়ে যায়।
অথেলো চৌধুরী বলেন, “বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে ব্যাগ খুলে ১০ তোলা ওজনের ৫৭টি স্বর্ণের বার পাওয়া যায়।”
সোনার বারগুলো সিগারেটের প্যাকেটের মধ্যে হলুদ স্কচটেপে মোড়ানো ছিল জানিয়ে তিনি বলেন, প্রায় ৬.৬৩ কেজি ওজনের এই সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য তিন কোটি ৩২ লাখ টাকা।
