২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ার সাহারা ডিপো থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে সকাল থেকে কর্মবিরতি পালন করছে বিআরটিসির জোয়ারসাহারা ডিপোর বাস চালকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 11:20 AM

Updated : 08 Apr 2022, 06:45 PM

বুধবার ভোর ৫টায় বিক্ষুব্ধ চালকরা ডিপোর প্রধান ফটকে তালা দেওয়ায় কোনো বাস বের হতে পারছে না বলে জানিয়েছেন ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন।

এর ফলে আবদুল্লাহপুর-মতিঝিল, গাবতলী-গাজীপুর, কুড়িল বিশ্বরোড-পাঁচদোনা রুট এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টাফ বাস চলাচল বন্ধ আছে। 

মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন-টেতন নিয়ে একটু ঝামেলা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তারা চালকদের সঙ্গে কথা বলছেন। সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আশা করি ঠিক হয়ে যাবে।”

তিনি জানান এই ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় তিন কোটি ৪১ লাখ টাকা ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১০ মাস আমাদের বেতন বন্ধ। অনেক কষ্ট করছি। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। কিন্তু আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে না কর্মকর্তারা। এজন্যই আজকের এই অবরোধ।”

বিআরটিসির জোয়ারসাহারা ডিপোতে একতলা, দ্বিতল এবং শীতাতপ নিয়ন্ত্রিতসহ ১২০টি সচল বাস রয়েছে। এসব যানবাহনের আয় থেকে কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু গত কয়েক বছর ধরে লোকসানে থাকায় এখানকার প্রায় ৫০০ কর্মী দশ মাস ধরে বেতন পান না।

বেলা ৮টার দিকে বিআরটিসির সচিব নূরে আলমের নেতৃত্বে পাঁচজন কর্মকর্তা জোয়ার সাহারা ডিপোতে আসেন। সেখানে কর্মীদের বেলা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। বৃহস্পতিবার এক মাসের বেতন দেওয়ার ঘোষণা দিয়ে অবরোধ তুলে নিতে কর্মীদের অনুরোধ করেন তারা।

তবে বেতনের পুরো টাকা না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে বেলা সোয়া ১২টার দিকে চলে যান কর্মকর্তারা।

ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “স্যারেরা এক মাসের বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তারা মানছে না। এখন দেখা যাক কি হয়।”

এবিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা।

“সেখানে বেতন ভাতা বকেয়া আছে। সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। আমরা চেষ্টা করছি কিভাবে বকেয়া বেতন ভাতা পরিশোধ করা যায়।”