ঢাকায় অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার মহাখালীতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদ আলী বাবুল ওরফে বাবুল মিয়া (৫৭) নামে ওই ব্যবসায়ীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের পর তার তথ্যে আরও আটটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বাবুলের কাছ থেকে মোট ১০টি অস্ত্র এবং প্রায় ১২০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”
এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, চারটি একনলা বন্দুক, একটি রাইফেল এবং দুটি রিভলবার।
উদ্ধার অবৈধ অস্ত্র
ওই দম্পতির কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে জাহিদুলের ময়মনসিংয়ের বাসা থেকে আরও অস্ত্র পাওয়া গিয়েছিল।
জাহিদুল জিজ্ঞাসাবাদে অস্ত্র সংগ্রহের উৎস হিসেবে বৈধ অস্ত্র ব্যবসায়ী বাবুলের নাম বলেছিলেন বলে জানান মনিরুল।
তিনি বলেন, “এরপর গোপন অনুন্ধান চালিয়ে মহাখালী থেকে গত ১১ জুন বাবুলকে একটি পিস্তল এবং একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়। এই দুটি অস্ত্রই অবৈধ।
“রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর গতরাতে (বৃহস্পতিবার) তাকে নিয়ে অভিযান চালানো হয় ময়মনসিংহের বাসায়। সেখান থেকে আটটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”
মনিরুল বলেন, বৈধ অস্ত্রের ব্যবসার পাশাপাশি বেশি লাভের আশায় বাবুল অবৈধ ব্যবসায় লিপ্ত হয়েছিলেন।
“রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার কয়েকজন বৈধ ব্যবসায়ীর সঙ্গে তার অবৈধ ব্যবসার যোগসূত্র রয়েছে বলে স্বীকার করেছে। যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেগুলো সুন্দরবনের জলদস্যুর কাছে পৌছানোর কথা ছিল।”
