২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ভিড়, যাত্রী নেই বাসে

ঈদ সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনে করে বিশেষ যাত্রী পরিবহনের তৃতীয় দিনে মানুষের চাপ কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 12:18 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে মোটামুটি ভিড় দেখা গেছে; ৩ জুন আগাম টিকেট কেনা যাত্রীরা এদিন বাড়ি ফিরছেন।

সারা দিনে ৩১টি আন্তঃনগর ট্রেনসহ ৬৬টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত কমলাপুর থেকে ২৩টি ট্রেন ছেড়ে যায়।

দুপুরের পর থেকে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। বুধবার শবে ক্বদরের ছুটি; ফাঁকে বৃহস্পতিবার আবার অফিস।

এ কারণে বৃহস্পতিবার অফিস থেকে ছুটি নিয়েছেন চাকুরিজীবীদের অনেকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত অফিস করে বিকেলের ট্রেনে বাড়ির পথ ধরেছেন অনেকে।

সকালে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় মোটামুটি মানের ভিড় থাকলেও দুপুরের পর তা ব্যাপক বেড়ে যায়। বেলা সোয়া ২টার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সবগুলো কামরায় দেখা গেছে উপচে পড়া ভিড়।

রাজশাহীর সিল্কসিটি এক্সপ্রেস ২টা চল্লিশ মিনিটে ছাড়ার কথা। তবে স্টেশনে আসার পরই এ ট্রেনের বিভিন্ন কামরা যাত্রীতে পূর্ণ হয়ে যায়; যাত্রীদের অনেকে দাঁড়িয়ে ছিলেন।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী জিয়াউর রহমান খান ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছেন। মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার ছুটি নিয়েছেন তিনি।

“একটু আগেই বাড়ি যেতে হবে। মা-বাবার কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এছাড়া বাড়িতে ইফতারের দাওয়াত দিব এলাকার লোকজনকে। এজন্য সকালে অফিসে গিয়ে ছুটি নিয়ে চলে এসেছি। "

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী যাবেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় বিভাগের কর্মকর্তা ইব্রাহিম খলিল। একদিন আগে বাড়ি যাচ্ছেন তিনিও।

" আমাদের অফিসে কাল থেকে ঈদের ছুটি। আমার অফিস কুমিল্লা। বাড়ি দূরে বলে একদিন আগেই ছুটি নিয়েছি। সকালে কুমিল্লা থেকে আসলাম। এখন ট্রেনে বাড়ি যাব। "

সকালে একতা এক্সপ্রেস ট্রেনে স্ত্রী-সন্তান নিয়ে দিনাজপুর যাচ্ছিলেন আইনজীবী মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদে বাড়ি যাওয়াটা আমার কাছে যতটা না আনন্দের, তারচেয়েও বেশি দায়িত্বের। নব্বই সালের পর থেকে কর্মসূত্রে গ্রামের বাইরে। বছরে শুধু দুইটা ঈদেই যেতে পারি।

“আমার মনে হয় গ্রামের প্রতি, আত্মীয়স্বজনের প্রতি আমার দায়িত্ব আছে। পরিবার-আত্মীয়স্বজন আমাকে দেখতে চায়, তাদের সঙ্গে সময় দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। এজন্যই বাড়ি যাওয়া।”

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী ফরিদা ইয়াসমিন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি জামালপুরের তারাকান্দি যাচ্ছেন। রাজধানীর রামপুরার এই স্কুল শিক্ষিকা জানান, ঈদে পরিবারের সঙ্গে দেখা হওয়াটাই সবচেয়ে আনন্দের।

“আমার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি কাছাকাছি। আগে বাবার বাড়ি গিয়ে উঠব। পরে সিদ্ধান্ত নেব ঈদের দিন কোথায় কাটাব। আত্মীয়স্বজন, বন্ধুদের অনেকে ঈদ উপলক্ষে বাড়ি যায়। তাদের সঙ্গে দেখা হয়- এটাও বড় বিষয়।”

ভাই-বোনরা সবাই ঢাকায় বসবাস করে, শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। গ্রামের বাড়িতে বলতে গেলে কেউ থাকে না কিশোরগঞ্জের কুলিয়ারচরের মনোয়ারা বেগমের। তারপরও অনেকটা নাড়ির টানেই গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন তিনি।

“আমরা সবাই ঢাকায় হলেও সেখানে এখনও আমার বাড়ি আছে। বাড়ি দেখতে মাঝে-মধ্যেই যাই, তবে থাকা হয় না। এবার বাড়িতে ঈদ করব। ছেলেমেয়েরা সেখানে গিয়ে যেন কোনো অসুবিধায় না পড়ে, সেজন্য গত সপ্তাহে বাড়িতে গিয়েছিলাম, বাড়িঘর ঠিকঠাক করে এসেছি।”

মঙ্গলবার সকালেও কয়েকটি ট্রেন দেরি করে ছেড়েছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ৬টা ৫২ মিনিটে স্টেশন ছেড়ে গেছে। এ ট্রেনটি সোমবারও দেরি করে ছেড়েছিল। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টা ছয় মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ট্রেনটিও সোমবার দেরি করে ছেড়েছিল।

এছাড়া তারাকান্দির অগ্নিবীণা এক্সপ্রেস ১০ মিনিট, দিনাজপুরের একতা এক্সপ্রেস ১০ মিনিট করে দেরিতে ছাড়ে।

কমলাপুর স্টেশন আজ একটু বেশি ভিড় হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী। তিনি বলেন, দুটি ট্রেন দেরি করে কমলাপুরে এসেছে। সেগুলো ছাড়তেও দেরি হয়েছে।

“নীলসাগরে অতিরিক্ত যাত্রী উঠে। এসব যাত্রী নামাতে সময় বেশি লাগছে বলে স্টেশনে পৌঁছতে সময় বেশি লাগে। আবার সেখান থেকেও নির্ধারিত সময়ের পরে ছেড়ে আসছে। এ কারণে কমলাপুরেও আসে দেরিতে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেও একই কারণ।

“তবে এখন পর্যন্ত সবকিছু মোটামুটি ঠিক আছে। এভাবে চললে এবারের ঈদে বড় কোনো ঝামেলা হবে না আশা করছি।”

এদিকে রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে যাত্রীদের তেমন চাপ নেই। সায়েদাবাদ আন্তঃজেলা টার্মিনালে গিয়ে সেখানে যাত্রীদের কোনো ভিড় দেখা যায়নি।

যাত্রী না থাকায় বাস কম ছাড়ছে বলে বলে জানান সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার বিকালে ঘরমুখী মানুষের চাপ কিছুটা বাড়তে পারে।

“সকাল থেকে যাত্রীদের কোনো চাপ নেই, অনেক বাস যাত্রী পাচ্ছে না। আর সড়কে যানজট কম থাকায় বাসগুলো দ্রুত ঢাকা চলে আসছে। এ কারণে টার্মিনালেও গাড়ির সংখ্যা বেশি। তবে আজ বিকাল থেকে লোকজন বাড়তে পারে। কাল থেকে যাত্রীদের পুরোপুরি ভিড় হবে মনে হচ্ছে।”