ঢাকায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
ঢাকার উত্তরায় প্রাইভেট কারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া শাহবাগে দুর্ঘটনায় আহত হয়েছেন পুলিশের একজন গাড়িচালক।
উত্তরায় নিহত শিশুর নাম জান্নাত (৭)। সোমবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১১টায় উত্তরা ৮নং সেক্টরের পল্লী কানন স্টাফ কোয়ার্টারের সামনে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে চাপা দেয়।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক ওয়াহিদুর রহমান বলেন, এই ঘটনায় প্রাইভেটকারসহ তার চালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
জান্নাতের বাবার নাম ফারুক হোসেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ। তারা উত্তরার রেল লাইন বস্তিতে থাকেন।
এদিকে শাহবাগ থানার সামনে সিএনজির ধাক্কায় পুলিশের গাড়িচালক আশরাফুল ইসলাম গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার এসআই সাইফুর রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার উল্টোদিকে সিএনজির ধাক্কায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন নুর মিয়া নামের সিএনজি চালক ও সেই সিএনজি আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় বলেও জানান তিনি।
এসআই সাইফুর রহমান বলেন, “আশরাফ থানার টহল গাড়ি চালক। এই দুর্ঘটনায় তার মাথার বাম অংশ ও বাম গাল আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়াও ডান হাত এবং ডান পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে।”
