হারানো শৈশব প্রতিবেদন: র্যাংকিংয়ে উন্নতি করেও ১৩০তম অবস্থানে বাংলাদেশ
সেভ দ্য চিলড্রেনের ‘হারানো শৈশব’ শীর্ষক প্রতিবেদনে কিছুটা উন্নতি করলেও ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম স্থানে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির ‘হোপ’ প্রকল্পের পরিচালক কামাল হোসেন জানান, বাংলাদেশ আগের বছর থেকে চার ধাপ এগিয়েছে। তবে প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে প্রতিবন্ধীরা এখনও বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে।
বিশ্বব্যাপী বাল্য বিয়ে, কিশোরী বয়সে গর্ভধারণ, শিশুমৃত্যু, শিশুশ্রম, অপুষ্টি, শিশুর প্রতি সহিংসতাসহ আটটি বিষয় বিবেচনায় নিয়ে তৈরি করা হয় এই প্রতিবেদন। এবার প্রতিবেদনটির প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বঞ্চনা’।
কামাল হোসেন বলেন, “বাংলাদেশ এবার পেয়েছে ৭০১ পয়েন্ট, যা গতবারের চেয়ে ২১ পয়েন্ট বেশি এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের তুলনায় গত এক বছরে বাংলাদেশের অগ্রগতি বেশ ভালো।
“প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান (১৪৯) ও আফগানিস্তান (১৬০) বাংলাদেশের পেছনে থাকলেও সামনে রয়েছে শ্রীলঙ্কা (৬০), মিয়ানমার (১০৭) ও ভারত (১১৩)।”
কামাল জানান, ১৭৫টি দেশের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে যৌথভাবে সিঙ্গাপুর ও স্লোভেনিয়া। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হচ্ছে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড।
“অনিরাপদ শৈশবের দিক দিয়ে শীর্ষ ১০টি দেশের আটটিই পশ্চিম ও মধ্য আফ্রিকার। তার মধ্যে সবচেয়ে তলানীতে অবস্থান নাইজারের।”
বাংলাদেশের প্রতিবন্ধীরা অনেক পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখনও বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের মধ্যে ২০ শতাংশেরও কম শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায়। স্কুলের বাইরে থাকা শিশুদের মধ্যে ৫৩ শতাংশ শিশুর মধ্যে দৃশ্যমান প্রতিবন্ধিতা রয়েছে।”
রিপোর্টটিতে আরো উঠে এসেছে, বাংলাদেশের এক তৃতীয়াংশেরও বেশি শিশু যাদের বয়স ৫ বছরের কম তারা অপুষ্টিতে ভোগে, ৪৪ ভাগ কিশোরি মেয়েদের ২০ বছরের আগে বিয়ে হয়ে যায় এবং ৩.৫ ভাগ শিশু ৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যায়।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও কোয়ালিটি পরিচালক রিফাত বিন সাত্তার বলেন, দ্বিতীয়বারের মতো ‘হারানো শৈশব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করছে সেভ দ্য চিলড্রেন।
“এতে গ্লোবাল ইনডেক্সে তুলনামূলক চিত্র পাওয়ার পাশাপাশি দুই বছরের তুলনাও আমরা এখানে পাচ্ছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ”বাংলাদেশ বিভিন্ন সূচকে বেশ ভালোই উন্নতি করেছে, বিশেষ করে শিশুদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে। তবে শিক্ষায় অগ্রগতির সুফল সব শ্রেণির শিশুরা পাচ্ছে না, বিশেষ করে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের শিশুরা ও প্রতিবন্ধিতার শিকার শিশুরা।
“আমরা বলছি, এর চেয়ে আরও এগোনোর সুযোগ রয়েছে, যদি সেভাবে ব্যবস্থা নেওয়া যায়।”
বাংলাদেশের প্রতিবন্দ্বী শিশুদের উপর বিশেষ জোর দেওয়ার সুপারিশ করে কামাল হোসেন বলেন, শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে; শিশুদের নিয়ে কাজ করা সমাজকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়াতে হবে; প্রতিবন্দ্বী শিশুদের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং শিশু সংক্রান্ত ডেটা আর সুচারুরূপে তৈরি করতে হবে।
