২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে গায়ে আগুন দিয়ে গৃহকর্মীর আত্মহত্যা

‘নির্যাতনে অতিষ্ঠ হয়ে’ ঢাকার ধানমণ্ডিতে এক গৃহকর্মী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 06:44 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

মঙ্গলবার দুপুরে ধানমন্ডির ৩০/এ সড়কের ৫০ নম্বর ভবনের চতুর্থতলায় রত্না বেগম (২৩) গায়ে আগুন দেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রত্নার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার গৃহকর্ত্রী সুলতানা আরজু মুন্নীকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে বলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানান রত্নার শরীরের শতকরা ৯৯ ভাগ পুড়ে গেছে। তখন চিকিৎসকের অনুমতি নিয়ে মৃত্যুর আগে বিকালে তার জবানবন্দি রেকর্ড করা হয়। সন্ধ্যার পর তার মৃত্যু হয়।

“মৃত্যুর আগে রত্না বলেছে, রান্নাসহ বিভিন্ন কারণে গৃহকর্ত্রী তাকে মারধর করত। তার অত্যাচারে সে অতিষ্ঠ ছিল। এ কারণে সে নিজেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে।”

মুন্নীর স্বামী মহিউদ্দিন ব্যবসায়ী। সাত মাস ধরে তার বাসায় কাজ করেন লক্ষ্মীপুরের মেয়ে রত্না।

মহিউদ্দিনের এক প্রতিবেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ফোন করে রত্নার মৃত্যুর খবর জানান।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “মাঝে মাঝেই ওই গৃহকর্মী তাদের ফ্ল্যাটের বারান্দায় এসে ‘আল্লাহ আমার মরণ দেয় না কেন’ বলে কান্নাকাটি করত। ওই ফ্ল্যাট থেকে মারধরের শব্দও শোনা যেত।”

পরিদর্শক পারভেজ জানান, মঙ্গলবার দুপুরে রত্না বাথরুমে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাসার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন।

এই ঘটনার পর বাসার ভেতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রত্না বাথরুমে একাই ঢোকে এবং কিছুক্ষণ পরেই দরজা ভেঙে বাসার লোকজন তাকে উদ্ধার করে।

“রত্না পায়ে হেঁটেই বাথরুম থেকে বের বের হয়। তাকে চাদর জড়িয়ে হাসপাতালে নিতে দেখা যায় ফুটেজে।”

রত্নার মৃত্যুর পর গৃহকর্তা মহিউদ্দিন, তার স্ত্রী মুন্নী এবং ওই বাসার আরেক গৃহকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অপর দুজনকে ছেড়ে দিয়ে রত্নার জবানবন্দির ভিত্তিতে মুন্নীকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় রত্নার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয় একটি মামলা করেছেন বলে পরিদর্শক জানিয়েছেন।