২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস: ৩৮-এর লিখিত ৩৯-এর প্রিলির তারিখ নির্ধারণ

আটত্রিশতম বিসিএসের লিখিত এবং ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঠিক করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 01:17 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

আগামী ৮ অগাস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। আর ৩ অগাস্ট নেওয়া হবে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

পিএসসির সচিব আকতারী মমতাজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

একজন কর্মকর্তা জানান, আগামী ৮ থেকে ১৩ অগাস্ট ৩৮তম বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ১৬ হাজার ২৮৬ জনকে যোগ্য ঘোষণা করেছে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

এই বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।