ঢাকার ধলপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬
রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন নারীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ধলপুরের ১৪ নম্বর আউটফল সিটি বস্তি এলাকায় এই অভিযানে সাড়ে ৬ হাজার ইয়াবা, ১০ কেজি গাঁজা এবং ফেনসিডিল ও হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান চলে। বিভিন্ন থানার পুলিশ সদস্যরা ছাড়াও গোয়েন্দা পুলিশ এ অভিযানে অংশ নেয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ মাদকসেবী, কেউ মাদক কারবারি এবং কেউ কেউ সরবরাহকারী বলে পুলিশের ভাষ্য।
প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি মাসে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর প্রতিদিনই বিভিন্ন স্থানে ঘেরাও করে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে এ পর্যন্ত সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে; সেই সঙ্গে বিভিন্ন ধরনের মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ ও র্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
