২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মামলার দুই তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব

ঢাকার মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ এবং বনানীতে উগ্রবাদী বই, তথ্যসহ ডেস্কটপ উদ্ধারের মামলার দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2018, 07:09 PM

Updated : 19 Aug 2022, 02:05 PM

আগামী বুধবার মামলার নথি নিয়ে তাদের হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম।

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সন্ত্রাস দমন আইনের এই দুই মামলায় আটক দুই আসামির জামিন আবেদনে উপর রুল শুনানিতে বুধবার হাই কোর্টের এই নির্দেশ আসে।

মামলার অভিযোগপত্র দিতে দেরি হওয়ার কারণ জানতে আদালত তদন্ত কর্মকর্তাদের তলব করেছেন বলে ধারণা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিকের।

শুনানিতে আসামি নজরুল ইসলাম শামীমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ফুয়াদ হোসেন; আসামি রিসাত চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন এ বি এম রফিকুল ইসলাম।

গত বছরের ৫ সেপ্টেম্বর দারুস সালামে ‘কমল প্রভা’ নামের একটি ভবনের পাঁচতলায় সন্দেহজনক জঙ্গি আস্তানায় বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়।

পরে র‌্যাব-৪ এর নায়েব সুবেদার হারুন-অর রশিদ বাদী হয়ে ৮ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সন্ত্রাস দমন আইনে মামলা করেন। ওই মামলায় নজরুল ইসলাম শামীম নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া জঙ্গি সংক্রান্ত আরেক মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গত বছরের ৩০ জুলাই বনানীর ৬৭/এ ব্লক-সি, রোড-৪ এর টেলকো সিটির পাঁচতলা থেকে আটটি উগ্রবাদী বই, ডেস্কটপ উদ্ধারের কথা জানায় পুলিশ। এই ঘটনায় ওই দিনই বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

সেই মামলায় রিসাত চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় উল্লেখ করা হয়, রিফাত নব্য জেএমবির সদস্য।

আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক আদালতে এ দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর হলে তারা হাই কোর্টে আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুলও জারি করে।

“শুনানিকালে হাই কোর্ট জানতে পারে, এ দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকার পরও দুই মামলার এখনও অভিযোগপত্রই হয়নি। অভিযোগপত্র দিতে বিলম্বের কারণ জানতেই হয়ত মামলার নথিসহ দুই তদন্ত কর্মকর্তাকে তলব করা হয়েছে।”

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামি নিজেদের ‘বিগ্রেড আল-দার-ই-কুতনী’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে পরিচয় দিয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি  জেনারেল।