২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুঘর দিবসে নলিনীকান্ত ভট্টশালীকে স্মরণ

আন্তর্জাতিক জাদুঘর দিবসে এক আলোচনা সভায় প্রত্নতত্ত্ববিদ ঢাকা জাদুঘরের প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালীকে স্মরণ করলেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 09:26 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘শিকড় সন্ধানী গবেষক: নলিনীকান্ত ভট্টশালী’ শিরোনামে এই সেমিনার হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে যোগ দিয়ে আলোচকরা প্রত্নতত্ত্ববিদ নলিনীকান্ত ভট্টশালীর অবদানের কথা স্মরণের পাশাপাশি জাদুঘর প্রসঙ্গে আলোচনা করেন।

নলিনীকান্ত ভট্টশালী প্রাচীন হস্তলিপি বিশারদ, পুঁথি সংগ্রাহক, সাহিত্যিক পরিচয়েও সমধিক পরিচিত ছিলেন। ১৯১৩ সালে ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হলে ১৯১৪ সালে প্রথম কিউরেটর নিযুক্ত হন তিনি। মৃত্যুর আগে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। জাদুঘরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজে প্রত্নবস্তু সংগ্রহ করতেন, সংরক্ষণ করতেন, ছবি তুলতেন, গবেষণা করতেন, প্রদর্শনী ও প্রকাশনা করতেন।

তার সেই ভূমিকার কথা স্মরণ করে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে সাহিত্যিক আলী ইমাম।

ইতিহাসবিদ অধ্যাপক আবদুল মমিন চৌধুরী বলেন, “নলিনীকান্ত ভট্টশালীর জীবনে কখনো আর্থিক স্বচ্ছলতা ছিল না। ১১৩ টাকায় চাকরি শুরু করেন এবং মৃত্যুকালীন তা বৃদ্ধি পেয়ে হয়েছিল ২০০ টাকা। আজকের জাতীয় জাদুঘর বা তৎকালীন ঢাকা জাদুঘর তৈরিতে নলিনীকান্তের অবদান অনস্বীকার্য। তার মতো বহুবিধ জ্ঞানের অধিকারী মানুষ এখনো বিরল।”

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হক বলেন, “নলিনীকান্ত ভট্টশালী ছিলেন অসাম্প্রদায়িক, দূরদর্শী মানুষ। আরবি মুদ্রা অনুবাদ করার জন্য আরবি শিখেছিলেন তিনি। মানুষ এই পণ্ডিত ব্যক্তিকে ভুলতে বসেছে।”

নতুন প্রজন্মকে বাঙালির গৌরবময় ইতিহাস জানাতে হলে জাদুঘরকে তথ্যপ্রযুক্তির নানা উপকরণ দিয়ে আরো সমৃদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন।

এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, “ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব এবং জাদুঘর চর্চার মাধ্যমে সন্ত্রাস ও মৌলবাদকে প্রতিহত করে আগামী প্রজন্মের কাছে হাজার বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরতে হবে । তবেই তারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে ।”

পরে নলিনীকান্ত ভট্টশালীরকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়।