২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে কোরাম সঙ্কটে অপচয় ১২৫ কোটি টাকা: টিআইবি

চলতি দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন পর্যন্ত কোরাম সঙ্কটের কারণে ১৫২ ঘণ্টা ১৭ মিনিট অপচয় হয়েছে বলে হিসাব দিয়েছে টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 06:36 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার এই অপচয়ের আর্থিক মূল্য বের করেছে ১২৫ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৪৫৫ টাকা।

কোরাম সঙ্কটসহ সংসদ নিয়ে এর আগে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিক্রিয়ায় সংসদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসম্মানিত করার চেষ্টার অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে এনেছিলেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।

২০১৭ সালে সংসদের (চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশন) কার্যক্রম পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে গবেষণা প্রতিবেদন ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রকাশ করে টিআইবি।

এতে বলা হয়েছে, গত বছর ওই পাঁচটি অধিবেশনে ৭৬ কার্যদিবস অধিবেশন চলে, যার মধ্যে ৩৮ ঘণ্টা তিন মিনিট অপচয় হয়েছে কোরাম সঙ্কটে।

প্রতি কার্যদিবস হিসেবে গড়ে অপচয় হয়েছে ৩০ মিনিট। এর আর্থিক মূল্য ৩৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ১৩৮ টাকা। প্রতি মিনিট হিসেবে যা দাঁড়ায় এক লাখ ৬৩ হাজার ৬৮৬ টাকা।

সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনে কোরাম সঙ্কটের কারণে ৪৭ কোটি টাকার বেশি অপচয় হয় বলে আগের প্রতিবেদনে উল্লেখ করেছিল টিআইবি।

টিআইবির হিসেবে, নবম সংসদে কোরাম সঙ্কটে প্রতিদিন গড়ে অপচয় হয়েছিল ৩২ মিনিট।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, “কোরাম সঙ্কট সবসময় ছিল, সেটা এখনও অব্যাহত রয়েছে। গড়ে ৩০ মিনিট কোরাম সঙ্কট উদ্বেগের বিষয়।”

তিনি বলেন, “এই ব্যয়কে আমরা অপচয় বলছি না। একটা ধারণা দিতে সময়ের আর্থিক মূল্য হিসাব করা হয়েছে।”

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি দশম সংসদে অধিবেশনে সংসদ সদস্যদের অসংসদীয় ভাষার ব্যবহার করলেও স্পিকার এ বিষয়ে ‘কার্যকর’ ভূমিকা রাখেনি।

‘পুতুল নাচের নাট্যশালা’ এখনও

২০১৫ সালে সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ আখ্যায়িত করে সরকারি ও বিরোধী দলের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তবে বৃহস্পতিবার নতুন প্রতিবেদন দেওয়ার সময়ও তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে প্রতিনিধিত্ব করলেও সরকারের মন্ত্রিসভায় প্রধান বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্তি অর্থাৎ সরকারে তাদের দ্বৈত অবস্থান এবং দশম সংসদের প্রায় চার বছরের বিভিন্ন কার্যক্রমে প্রধান বিরোধী দলের আত্মপরিচয় সঙ্কটের কারণে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।”

প্রতিবেদনে টিআইবি বিভিন্ন সময় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির নিজেদের পরিচয় নিয়ে বক্তব্যের কথাও তুলে ধরে।

গত ফেব্রুয়ারি মাসে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছিলেন, “আপনি (প্রধানমন্ত্রী) যদি বলতে পারতেন, মন্ত্রিত্ব ছাড়ুন। আমরা বলতে পারি না। এটা আপনি করলে জাতীয় পার্টি বেঁচে যেত। সম্মানের সাথে থাকতে পারতো। আমরা সম্মানের সাথে নাই। এক বছর আছে আরও সেটা দেখেন।”

টিআইবির আগের বক্তব্য এবং প্রতিবেদনের বক্তব্য নিয়ে ‘সংসদকে পুতুল নাচের নাট্যশালা’ এখনও মনে করেন কি না- জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, “আমাদের সিদ্ধান্ত অপরিবর্তিত। বিরোধী দল হিসেবে যারা নিজেদের দাবি করছে, তাদের নিজেদের কণ্ঠেই আত্ম পরিচয়ের সঙ্কটের কথা ফুটে উঠেছে।

“টিআইবি তখন যে কথা বলেছিল, তাতে তোলপাড় উঠেছিল। একটা আইনও সংশোধন হয়েছে। বিরোধী দল যে দাবি করে তারা যথার্থ ভূমিকা পালন করছে সেটা তাদের বক্তব্যে স্পষ্ট নয়। তারা কি করার জন্য সংসদে সেটা ঠিক করতে পারেনি।”

ইফতেখারুজ্জামান বলেন, “জবাবদিহিতা নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠায় সংসদের ভূমিকায় ঘাটতি রয়েছে। প্রত্যাশিত ভূমিকা পালনে সংসদ ব্যর্থ হয়েছে।”

এরশাদকে নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি এরশাদকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশেষ দূত হিসেবে দায়িত্বের কোনো সরকারি গেজেট প্রকাশ হয়নি বা দাপ্তরিক নির্দেশনাও পাওয়া যায়নি।

Image
হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

ইফতেখারুজ্জামান বলেন, “সরকারি মাধ্যম বা বিশেষ দূতের দলের মাধ্যম থেকেও আমরা চেষ্টা করেছি, তবে এ বিষয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন পাইনি।”

টিআইবি বলছে, বিশেষ দূতের জন্য সরকারি প্রটোকল, বিশেষ ভাতা ও অন্যান্য খাত বাবদ গড়ে পাঁচ লাখ টাকা সরকারি ব্যয় হচ্ছে। এরশাদ ‍বিভিন্ন দেশে ব্যক্তিগত সফর করলেও বিশেষ দূত হিসেবে তার দায়িত্ব পালনে ভূমিকা নিতে দেখা যায়নি।

বিশেষ দূতের জন্য ব্যয় করার টাকা দুর্নীতি কি না- প্রশ্ন করলে ইফতেখারুজ্জামান বলেন, “ক্ষমতার অপব্যবহার করা হয়ে থাকলে সেটাকে দুর্নীতি বলা যেতে পারে।”

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল সংবাদ সম্মেলনে বলেন, “জনগণ যাদের দায়িত্ব দিয়েছে, তারা সৎভাবে, যোগ্যভাবে পালন করতে পারছে কি না, আমরা সেটাই তুলে ধরতে চাই।”

আইন প্রণয়নে সময় ব্যয় কম

টিআইবির হিসাবে ২০১৭ সালের পাঁচটি অধিবেশনে মোট ২৪টি সরকারি বিল পাস হয়। এক্ষেত্রে মোট প্রায় ২৩ ঘণ্টা ২৮ মিনিট সময় ব্যয় করা হয়, যা অধিবেশনগুলোর ব্যয়িত মোট সময়ের ৯ শতাংশ।

বিলের ওপর আপত্তি, বিলের ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব এবং দফাওয়ারী সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় মোট ২৬ জন সদস্য ৩৩% সময় আলোচনা করেন। এই সময়ের মধ্যে প্রধান বিরোধী দল ৯৩.৫% সময় অংশগ্রহণ করেন।

বিলের খসড়ায় জনমত যাচাই-বাছাইয়ের সব প্রস্তাব নাকচ হওয়ার কারণে আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের চর্চা এখন সীমিত বলে টিআইবির পর্যবেক্ষণ।

প্রতিবেদনে বলা হয়, বিলের ওপর আপত্তি, সংশোধনী, জনমত যাচাই-বাছাই প্রস্তাবের ক্ষেত্রে সরকার দলীয় সদস্যসহ প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী সদস্যদের অংশগ্রহণ থাকলেও তা কয়েকজন সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ। আইনের ওপর আলোচনায় মোট সদস্যদের মাত্র ৭% সদস্য অংশগ্রহণ করেছেন। বিল উত্থাপন, বিলের ওপর সংসদ সদস্যদের আলোচনা এবং মন্ত্রীর বক্তব্যসহ একটি বিল পাস করতে সময় লেগেছে গড়ে প্রায় ৩৫ মিনিট।

এ বিষয়ে সুলতানা কামলা বলেন, “আইন প্রণয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর এখানেই সবচেয়ে কম সময় ব্যয় হচ্ছে।”

ইফতেখারুজ্জমান বলেন, “আমাদের এখানে আইন প্রণয়নে সময় লাগে ৩৫ মিনিট। আর পার্শ্ববর্তী দেশ ভারতে আইন প্রণয়নে সময় লাগে ২৩৫ মিনিট।”

পুরনো খবর:

কোরাম ছাড়াই চলল সংসদ
টিআইবি বিভ্রান্তি ছড়াচ্ছে: চিফ হুইপ
দ্বৈত অবস্থানের কারণে ‘ব্যর্থ’ বিরোধী দল: টিআইবি