২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাব বলছে ‘বন্দুকযুদ্ধ’, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সপ্তাহ আগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত রাজু প্রধানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার তদন্ত দাবি করেছে পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 10:14 PM

Updated : 08 Apr 2022, 06:23 PM

মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসনে এক সংবাদ সম্মেলনে নিহতের বোন শামু প্রধান বলেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর তারিখ ৮ মে বলা হলেও র‌্যাব বলছে, ৯ মে তার মৃত্যু হয়েছে। এখানে তথ্যের গরমিল রয়েছে।”

তার ভাইয়ের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবেন না দাবি করে তিনি বলেন, “তাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি।”

গত ৯ এপ্রিল ভোরে উপজেলার পূর্বাচল ৯ নম্বর সেক্টরে ‘বন্দুকযুদ্ধে’ রাজু নিহত হন বলে র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাসেম জানিয়েছিলেন।

তিনি সে সময় বলেছিলেন, “পূর্বাচল এলাকায় প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ভোরে র‌্যাব সদস্যরা গাড়িতে করে ওই এলাকায় টহল দেওয়ার সময় ছিনতাইকারীরা তাদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে ছিনতাইকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সে সময় নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর বললেও তার নাম-পরিচয় বলেননি র‌্যাব কর্মকর্তারা। পরে ওই লাশ রাজুর বলে নিশ্চিত হয় তার পরিবার।

ওই ঘটনায় র‌্যাবের দুই সদস্যও গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি বিদেশি পিস্তল উদ্ধারের দাবি করে র‌্যাব।

তবে রাজুব বোন শামু বলেন, তার ভাইয়ের কাছে ‘কোনো ভাবেই অস্ত্র থাকার কথা নয়’।

“এলাকায় গেলে যে কেউ বলবে রাজু ভালো ছেলে ছিল। সে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। এজন্য এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

রাজুর চাচাত ভাই তারেক প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিকভাবে এলাকায় তাদের কাঠের ব্যবসা। তার চাচা মো. শামীম আলী প্রধানের রূপগঞ্জে ‘জমিদার টিম্বার্স’ নামের কাঠের দোকান রয়েছে।

রাজু গত বছর এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এই বছর আবার পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডেমরা বাওয়ানী উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করেছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

বড় বোন শ্যামলী প্রধানের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। শামু প্রধান তার তার মেজো বোন, ঢাকার পান্থপথের সিটি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে স্নাতক করছেন তিনি।

রাজুর বাবা শামীম আলী প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে পড়াশোনার পাশাপাশি আমার ব্যবসায় সময় দিত। কোনো অন্যায়ের সঙ্গে সে জড়িত না। তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।”

রাজুর মৃত্যুর পর স্বজন হিসেবে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সংবাদ সম্মেলনে শামু বলেন, “নিরাপত্তাহীনতার কারণে অনেক কিছু জানার পরও ভয়ে বলতে পারছি না। তাই কারও প্রতি সন্দেহের তীর না ছুড়ে হত্যাটির তদন্ত দাবি করছি।”

সংবাদ সম্মেলনে রাজুর মা ইয়াসমিন বেগম ও চাচা মো. রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।