ঢাকায় বাসের গেটে দাঁড়ানো ব্যক্তি লেগুনার চাপায় পিষ্ট
ঢাকার মিরপুর রোডে একটি বাসের গেইটে ঝুলন্ত এক ব্যক্তি লেগুনার চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত ১০টার দিকে পুলিশের উপ কমিশনার (তেজগাঁও) কার্যালয়ের কাছে দুই পরিবহনের প্রতিযোগিতায় পড়ে ফাইজুল ইসলাম রিপন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয় মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক শেখ জহির জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্যামলীমুখী প্রজাপতি পরিবহনের একটি বাস এবং একটি লেগুনা একই দিকে যাচ্ছিল। রিপন বাসের গেটে দাঁডিয়ে ছিলেন। লেগুনা দ্রুতগতিতে বাস ঘেঁষে অতিক্রম করার সময় দুই পরিবহনের মাঝে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
বাস এবং লেগুনা আটক করা গেলেও দুই চালক পালিয়ে যায়।
এছাড়া টিকাটুলিতে এক সুইপার ট্রাকের চাপায় গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
