২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোবাইল অ্যাপ উদ্বোধন

সদ্য মহাকাশে উৎক্ষেপিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটি মোবাইল অ্যাপ তৈরি হয়েছে, যার মাধ্যমে এই কৃত্রিম উপগ্রহ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 10:50 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপ্লিকেশনটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদ্যপান্ত, অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক তুলে ধরবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর অনেকেই কৌতূহলী তা নিয়ে, এই অ্যাপ তাদের জিজ্ঞাসার উত্তর দেবে বলে এর উদ্যোক্তারা বলছেন।

অ্যাপ প্রস্তুতকারি বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিমসহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

গত শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বাংলাদেশের প্রথম বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’। এর মধ্য দিয়ে মহাকাশে পা রাখল বাংলাদেশ।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, “এ স্যাটেলাইট নিয়ে সমালোচনার নামে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

“তরুণরাই বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা করবে। একজন ফরাসি প্রশিক্ষণ ১৮ জন তরুণকে প্রশিক্ষণ দিচ্ছেন। ভবিষ্যতে এদের সংখ্যা আরও বাড়বে।”

তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে ২৩টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “এসব প্রকল্পের সুফল হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে।”