নারীর ক্ষমতায়ন নিশ্চিতে প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে হবে: স্পিকার
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চামড়াজাত পণ্যের ব্রান্ড গুস লিমিটেডের ই-কমার্স পোর্টাল গুসইওরস ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্পিকার।
সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরি করতে নারীবান্ধব নীতি প্রণয়ন করেছে। ব্যাংকিং সুবিধা, জয়িতা প্রতিষ্ঠানসহ সরকারের সকল উদ্যোগ নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে।
“এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যাংকঋণ সুবিধা নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।”
স্পিকার বলেন, “ডিজিটাল বাংলাদেশে ই-কমার্স এক নবদিগন্ত উন্মোচন করেছে। ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অনলাইন ব্যবসা দিনদিন প্রসারিত হচ্ছে। সক্ষমতা ও সুযোগ করে দিলে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে নারী উদ্যোক্তারা এগিয়ে যাবে।”
শিরীন শারমিন বলেন, “বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাংলাদেশে তৈরি এ পণ্য আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। বাংলাদেশি চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পণ্যের মূল্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সঠিক মূল্য নিরূপিত হলে এবং মানের বিষয়ে আপস না করলে সেই পণ্য বাজারকে আকৃষ্ট করে এবং দীর্ঘ মেয়াদে টেকসই হয়।”
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, বাংলাদেশ ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পায়। পণ্যের মান নিশ্চিত করতে পারলে বিদেশ চামড়াজাত পণ্য রপ্তানি হওয়ার সুযোগ অনেক। ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে অনায়াসে ইউরোপের বাজারে ঢোকা সম্ভব। সেজন্য পণ্যের মানের বিষয়ে সতর্ক থাকতে হবে।
ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম বলেন, “বিদেশে চামড়ার ব্যাগের দাম অত্যন্ত চড়া। বিশ্বের বড় ব্র্যান্ডের একটি ব্যাগের দাম এক হাজার ডলার হলে হয়তো দেখা যায় ব্যাগের দাম ১০ ডলার, বাকি ৯৯০ ডলার যায় ব্র্যান্ডিংয়ে।
“এর অর্থ হল বিদেশি কোম্পানিগুলো আমাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে যাচ্ছে। নিজস্ব ব্র্যান্ড তৈরি করে বৈশ্বিক বাজারে ছেড়ে দিয়ে এই টাকা দেশে নিয়ে আসা সম্ভব।”
গুস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিতা বোসও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
