২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে ভালো ফলনের লাভ ‘পাচ্ছে না’ কৃষক

চলতি বোরো মৌসুমে হাওরে ধানের ফলন ভালো হলেও কৃষকরা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 05:42 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানিয়ে তারা বলেছে, সরকারের নির্ধারিত মূল্য মন প্রতি এক হাজার ৪০ টাকার প্রায় অর্ধেক দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা।

সংবাদ সম্মেলনে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শরিফ কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের এই সমস্যা কাটানোর উপায় খুঁজে বের করার দাবি জানান।

তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষকদের ধান বিক্রির জন্য পর্যাপ্ত ক্রয়কেন্দ্র ও সংরক্ষণের জায়গা নেই। বাধ্য হয়ে কৃষকরা কম দামে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে।

সরকার এক হাজার ৪০ টাকা মন দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু হাওরের কৃষকরা কোথাও কোথাও ৫৫০ টাকা মনেও ধান বিক্রি করছেন বলে দাবি করেন শরিফ।

তিনি বলেন, সুনামগঞ্জে তিন লাখ ২৫ হাজার নিবন্ধিত কৃষক রয়েছে। এদের কৃষি জমির পরিমাণ দুই লাখ ৭৬ হাজার হেক্টর। এখানে বোরো জমির পরিমাণ দুই লাখ ২৩ হাজার হেক্টর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট লাখ ৩০ হাজার মেট্রিক টন। অথচ জেলায় ২২ হাজার মেট্রিক টন ধান সংরক্ষণের জন্য গুদাম আছে।

অন্যদিকে সুনামগঞ্জের সদর উপজেলাতেই ১১টি আড়ৎ রয়েছে জানিয়ে তিনি বলেন, “এ সকল আড়তে প্রতিবছর দুই লাখ ৫০ হাজার টন ধান চালান দেওয়া হয়। আড়তে মজুত থাকে ৩০ হাজার টন। সরকারি গুদামে থাকে ২২ হাজার মেট্রিক টন। বাকি ধান বাইরে চলে যায়।”

নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরের উৎপাদিত ধানের পরিস্থিতিও প্রায় একই রকম বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও কয়েকটি দাবি জানায় হ্যাপ।

এসব দাবির মধ্যে রয়েছে- ভেজা ধান মিলিং করতে হাওরের নির্ধারিত এলাকা  অটো-রাইচ মিল স্থাপন করা ও ভেজা ধান মিল পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করা; গ্রামে অস্থায়ীভাবে দুই মাসের জন্য ধান বিক্রির উপকেন্দ্র করা; কৃষি কার্ডের ভিত্তিতে কৃষকদের সুবিধা দেওয়া ও ভাটির উচুঁ-নিচু জমি ভোল্টড্রোজার দিয়ে সমতল করা; হাওর এলাকার কৃষকদের ঋণের কিস্তি পরিশোধ গতবারের ন্যায় এবারও স্থগিত রাখাসহ বেশ কিছু দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতা ও সুনামগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির যুগ্ম মহাসচিব মো. আজিজুল হক,  ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও সুনামগঞ্জ সমিতির নেতা মেনন চৌধুরী উপস্থিত ছিলেন।