নির্বাচন ঘিরে ‘অস্থিতিশীলতা’ রুখতে বৃহত্তর ঐক্যের ডাক
জাতীয় নির্বাচন ঘিরে কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ উদ্ধারে যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য অপশক্তিকে রুখতে গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি নাগরিক সংগঠন।
নির্বাচনী বছরের শেষ পর্যায়ে এসে প্রশাসনসহ বিভিন্ন সংস্থায় কোনো ত্রুটি-বিচ্যুতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলতে পারে কি না সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
শনিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলনের সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তার স্থান পরিবর্তন হয়, পরে টেনিস ফেডারেশনের সামনে সমাবেশ করেন তারা।
নারী-শিশু নির্যাতন বন্ধ, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে হত্যা, সন্ত্রাস, গুম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এই সমাবেশ হয়।
সমাবেশে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর সভাপতিত্বে ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক আজিজুর রহমান।
ঘোষণাপত্রে বলা হয়, “সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা আমাদের নতুন করে আতঙ্কিত করে তুলেছে। এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিগত নির্বাচনের পূর্বে ও পরে জনজীবন এবং জাতীয় অগ্রযাত্রা যে বিপর্যস্ত করে তুলেছিল, তার কথা স্মরণ করিয়ে দেয়।
নারী-শিশু নির্যাতন বন্ধ, পার্বত্য চট্রগ্রামসহ সারা দেশে হত্যা, সন্ত্রাস, গুম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে শনিবার শাহবাগে সমাবেশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন। ছবি: আব্দুল্লাহ আল মমীন
অধ্যাপক আজিজুর রহমান বলেন, সারা দেশে সংগঠিত ধারাবাহিক হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংস ঘটনাবলী জাতীয় চেতনা ও স্থিতিশীলতার পরিপন্থি।
নির্বাচন সামনে রেখে উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠী এবং ষড়যন্ত্রকারীরা এসব কর্মকাণ্ডের মাধ্যমে গোটা দেশকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় রাজনৈতিক প্রভাব, বিচারিক আদালতে নারী-শিশু নির্যাতনের মামলার দীর্ঘসূত্রতা, তদন্ত ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতির কারণেই সমাজে নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে বলে ঘোষণাপত্রে বলা হয়।
নারী-শিশু নির্যাতন বন্ধ, পার্বত্য চট্রগ্রামসহ সারা দেশে হত্যা, সন্ত্রাস, গুম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে শনিবার শাহবাগে সমাবেশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন। ছবি: আব্দুল্লাহ আল মমীন
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ‘গুপ্ত হত্যা, গুম ও সন্ত্রাসের’ নিন্দা জানিয়ে সমাবেশের ঘোষণাপত্রে বলা হয়েছে, “দেশে আইনশৃঙ্খলা দিন দিন অবনতি ঘটানোর পূর্ব পরিকল্পনা ও ষড়যন্ত্র পাকাপোক্ত করার অপচেষ্টায় সুবিধাবাদী শ্রেণি অনেকটাই সফল।”
আসন্ন রমজান মাসে অসাধু ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্কট যেন তৈরি করতে না পারে সেজন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করার দাবিও উঠে সমাবেশ থেকে।
সমাবেশে পরে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়, শ্রমিক নেতা আব্দুল ওয়াহেদ।
