ঢাকায় ডাস্টবিনে নবজাতক উদ্ধার
ঢাকার মোহাম্মদপুরে তিন রাস্তা মোড় এলাকার একটি ডাস্টবিনে একটি নবজাতক পাওয়া গেছে।
শনিবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করা হয় বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি কর্পোরেশনের লোকজন ময়লা তোলার সময় এক শিশুটিকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তারকে উদ্ধার করে স্থানীয় আরবান হেলথ কেয়ার নিয়ে যায়।”
সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে শিশুটিকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির ওজন প্রায় সাড়ে ৩ কেজি। সে এখন মোটামুটি ভালো আছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
